দর্শককে গালি দিয়ে আবারও সমালোচনার মুখে পড়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নেমে ২ রানে আউট হওয়ার পথে গ্যালারিতে থাকা দর্শককে গালি দেন ইংল্যান্ডের এই তারকা খেলোয়াড়। এতে ডিমেরিট পয়েন্ট হারানোসহ নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন তিনি। সমালোচনা যেন বেন স্টোকসের পিছু ছাড়তেই চায় না। ক্রিকেট মাঠে নানা ধরনের কার্যকলাপের জন্য বিভিন্ন সময় আইসিসির শাস্তির মুখে পড়তে দেখা গেছে নিউজিল্যান্ড বংশদ্ভুত ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকসকে। কিংবা প্রতিপক্ষ খেলোয়াড়কে স্লেজিং করেও সমালোচনায় পড়েছেন তিনি। খেলার সময় মাঠে বাজে বা অশ্লিল কথা বললে আইসিসি আচরণবিধির লেভেল এক ভাঙার অপরাধ হিসেবে দেখা হয়। এর শাস্তি হিসেবে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। আর যদি কারও কথাকে আঘাতের হুমকি হিসেবে গণ্য করা হয়, তা হলে আচরণবিধির লেভেল তিন ভাঙার অভিযোগ আনা হবে তার বিরুদ্ধে। সেটি প্রমাণিত হলে ৫ থেকে ৬টি ডিমেরিট পয়েন্ট পাবেন স্টোকস, মানে নিশ্চিত নিষেধাজ্ঞা। তবে স্টোকস নিজেও আইসিসির এমন শাস্তির ব্যাপারে অবহিত আছেন। তাই তো শাস্তির কথা চিন্তা করেই ক্ষমা চেয়েছেন তিনি। এক বিবৃতিতে স্টোকস বলেন, ‘আমার আউট হওয়ার পর ব্রডকাস্টে যে ভাষা শোনা যায়, তা নিয়ে আমি ক্ষমা চাচ্ছি। আমার এমনটা করা উচিত হয়নি। আমি যখন খেলছিলাম দর্শকদের থেকেও গালি এসেছিল।’ তিনি আরও বলেন, ‘আমি আবারও বলছি আমার আচরণ অপেশাদার ছিল এবং এর জন্য আমি বিনীতভাবে ক্ষমা চাচ্ছি।’