জার্মানভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ২০১৯ সালের দুর্নীতির ধারণাসূচকে (করাপশন পারসেপশন ইনডেক্স বা সিপিআই) বাংলাদেশের এক ধাপ অগ্রগতি হয়েছে। ২০১৯ সালে অধঃক্রম অনুযায়ী (খারাপ থেকে ভালো) ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪তম, যা আগের বছর ছিল ১৩তম। তবে এক ধাপ অগ্রগতি হলেও দুর্নীতি পরিস্থিতি উন্নয়ন সংক্রান্ত স্কোরে বাংলাদেশের কোনো পরিবর্তন হয়নি। টেকসই উন্নয়ন ও সুসংহত গণতন্ত্রের প্রথম ও প্রধান শর্ত হচ্ছে সুশাসন। এই সুশাসন নিশ্চিত করতে হলে সমাজের সর্বস্তর থেকে দুর্নীতি দূর করতে হবে। আমরা দেখছি, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের আশাতীত উন্নতি হলেও দুর্নীতি বিদ্যমান থাকায় দেশবাসী এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে দেশে আয়বৈষম্য এবং ধনী-দরিদ্রের ব্যবধান ক্রমাগত বাড়ছে। বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধে বেশকিছু সুপারিশ করেছে টিআই। এগুলো হল- দুর্নীতি নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা দেখাতে হবে; দুদককে আরও স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং অবাধ গণমাধ্যম ও সক্রিয় নাগরিক সমাজ বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
সম্প্রতি দুদকের দুর্নীতিবিরোধী অভিযানের সময় মানুষের মধ্যে একটি প্রত্যাশা তৈরি হয়েছিল, এ কথা সত্য। কিন্তু দেখা যায়, দুদক যতোটা গর্জে থাকে, ঠিক ততোটা বর্ষে না! কোথাও যেনো সীমাবদ্ধতা দৃশ্যমান। খোদ টিআইর সুপারিশেও এ বিষয়টি উঠে এসেছে এবং প্রতিষ্ঠানটিকে আরও স্বাধীনভাবে কাজ করার তাগিদ দেয়া হয়েছে। বস্তুত কাগজে-কলমে দুদক স্বাধীন, এটাই আমাদের জন্য যথেষ্ট নয়। আমরা কার্যক্ষেত্রে এ স্বাধীনতার পুর্ণ বাস্তবায়ন দেখতে চাই। এ অবস্থায় দুদকের প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার পদক্ষেপ নিতে হবে।
অতিসম্প্রতি দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানে যাদেরকে আটক করা হয়েছে, দেখা গেছে সবাই ক্ষমতাসীন দলের। এতে দেশ-বিদেশ সর্বতই প্রশংসীত হয়েছে বর্তমান সরকার। সন্ধান পাওয়া গেছে বিপুল পরিমাণ অবৈধ সম্পদেরও। আর ঠিক এই সময়েই প্রকাশিত হয়েছে টিআইএর দুর্নীতির ধারণা সূচক। ‘দুর্নীতির ধারণাসূচকে’ বাংলাদেশের অবস্থানের এবার সামান্য পরিবর্তন হলেও পরিস্থিতিতে তেমন কোনো নড়চড় দেখছে না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।
দুর্নীতি দেশের উন্নয়ন ও অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত করছে, এ ব্যাপারে দ্বিমত পোষণের অবকাশ নেই। কাজেই দুর্নীতি রোধে সরকারের কঠোর হওয়া প্রয়োজন। একই সঙ্গে স্বাধীন বিচার বিভাগ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও শক্তিশালী হিসেবে গড়ে তোলা জরুরি।
আমরা আশা করি সামনে বাংলাদেশ দুর্নীতির ধারণাসূচকে অবশ্যই ভালো করবে। এজন্য রাজনৈতিক শুদ্ধাচারের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে। দল-মত নির্বিশেষে আইনের কঠোর প্রয়োগ হলে আমাদের স্কোর ও অবস্থানে আরো উন্নতি হতে পারত। এ জন্য সবার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। সেই সদিচ্ছার পরিচয় পেলে দেশ থেকে দুর্নীতি দূর করা অসম্ভব নয়। আমরা আশা করব উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে দেশে দুর্নীতিমুক্ত রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়িত হবে।