কালিগঞ্জে সরকার নিষিদ্ধ গাইড নোটবই বিক্রি বন্ধ এবং হোটেল রেস্টুরেন্টের পরিবেশ ঠিক রাখার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে উপজেলার ফুলতলা মোড় সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক রাসেল গণমাধ্যমকে জানান, নোট ও গাইড বই বিক্রি সরকারিভাবে নিষিদ্ধ। সৃজনশীল বই বিক্রির সুযোগ থাকলেও অনুবাদ বা ব্যাখ্যা সম্বলিত বই বিক্রির অনুমতি নেই। অনুনমোদিত বই বিক্রির অভিযোগে থানা রোডে অবস্থিত আজিজিয়া লাইব্রেরীকে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে পুস্তক বিক্রেতাদের সাথে বৈঠক করে তাদেরকে এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করা হবে। তিনি আরও বলেন, কয়েকটি হোটেল, রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে অভিযান চালানো হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং মানসম্মত খাদ্য বিপণন নিশ্চিত করার জন্য তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। পূর্বে সতর্ক করার পরও হোটেলের অপিরচ্ছন্নতা বজায় থাকায় উপজেলার ফুলতলা মোড় গোলচত্ত্বর এলাকায় অবস্থিত বিসমিল্লাহ হোটেলের স্বত্বাধিকারী আবদুস সবুর লাল্টুকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি। অভিযানকালে উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দীন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আবদুস সোবহান উপস্থিত ছিলেন।