স্বাধীনতার পরে মাত্র সাড়ে ৩ বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আমাদের স্বপ্নের সোনার বাংলা নির্মাণকে বাঁধাগ্রস্থ করা হয়েছে। সমৃদ্ধি বাংলাদেশ গঠনে বাঁধা প্রদানে চক্রান্ত করা হয়েছে। আমাদেরকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি। বারবার সামরিক জান্তারা আমাদেরকে নিষ্পেষিত করেছে। আমাদেরকে কঠিন অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে। অথচ আমরা আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার দিকে এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী শেখ হাসিনা’র হাত ধরে আমরা এগিয়ে যাচ্ছি। মহান মুক্তিযুদ্ধে মানুষ জীবনবাজি রেখে অংশগ্রহণ করেছিল স্বপ্নের সোনার বাংলা নির্মাণের লক্ষ্য নিয়ে।
আমাদেরকে অনুপ্রাণিত হতে হবে, একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। আমাদের ২ জন সচিবকে দেখে অনুপ্রাণিত হতে হবে। আমাদেরকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিজেকে নিয়োজিত করতে হবে।
আমি গত দশ বছরে বিরল-বোচাগঞ্জের উন্নয়ন কাজে বারবার এ দু’জন সচিব এর সহযোগিতা চেয়েছি এবং পেয়েছি। আমাদের এ দু’জন সচিব কর্মজীবনেও জেলা প্রশাসকের দায়িত্ব পালনকালে অত্যন্ত সুনাম অর্জন করেছেন এবং আগামীতে সচিব হিসাবেও সুনাম অর্জন করবেন বলে প্রত্যাশা করি।
দিনাজপুরের যেকোনো মানুষ দেশের অন্য কোথাও যদি প্রশংসিত হয় আমরা গর্ববোধ করি। একজন সমতল এলাকার মানুষ পার্বত্য চট্টগ্রাম এর মতো জায়গার নেতৃত্বে রয়েছেন, আরেকজন আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্ব দিচ্ছেন এ অঞ্চলের মানুষ যা আমাদের জন্য অত্যন্ত গর্বের। একটি মন্ত্রণালয়ে অনেক কাজ, অথচ আমাদের সচিবদ্বয় শতব্যস্ততার মাঝেও বিভিন্ন বিষয়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে আমাদেরকে কৃতজ্ঞ করে তুলেছেন। আমরা শুধু বিরল-বোচাগঞ্জ নয় সমগ্র দিনাজপুরের উন্নয়নে তাঁদেরকে পাশে চাই এবং আমরা যতটুকু পাশে থাকার দরকার তা থাকবো।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো অনুষ্ঠানে আগামীতে তাঁদেরকে অংশগ্রহণের আহ্বান জানাবো। আমরা চাই তাঁদেরকে দেখে আমাদের নতুন প্রজন্ম অনুপ্রাণিত হউক। তাঁদের মতো দেশ ও জনগণের সেবায় তরুণ প্রজন্ম আত্মনিয়োগ করুক। বিরলের সর্বস্তরের মানুষ স্বল্প সময়ে এধরণের একটি আয়োজন সত্যিই সার্থক হয়েছে।
শনিবার দুপুরে বিরল উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত বিরল উপজেলার দুই কৃতী সন্তান মেসবাহুল ইসলাম (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়) ও মো. নূরুল ইসলাম (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়) কে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য প্রদানকালে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপর্যুক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি। সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত সংবর্ধিত বিরল উপজেলার দুই কৃতী সন্তান মেসবাহুল ইসলাম (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়) ও মো. নূরুল ইসলাম (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়)।
পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান, সহকারী কমিশনার (ভূমি) জাবের মো. সোয়াইব, ওসি শেখ নাসিম হাবিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবদুল মোকাদ্দেস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম অরু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আল্লামা আজাদ ইকবাল লাবু, এ্যাড. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর জামান, মহিলা কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মালেক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি সারওয়ারুল ইসলাম রাসেল প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সংবর্ধিত সচিবদ্বয়কে ফুল, ক্রেস্ট ও সৌজন্য উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় অতিথিবৃন্দ শীতার্ত জনগণের মাথে শীতবস্ত্র বিতরণ করেন।