কালিগঞ্জের কাঁকশিয়ালী নদী থেকে অবৈধ বেহুন্দী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন-২০২০ এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বেলা ১২ টায় কাঁকশিয়ালী নদীতে এই অভিযান পরিচালিত হয়। বেলা ৩ টা পর্যন্ত অভিযানে কাঁকশিয়ালী নদীর কুলিয়া দুর্গাপুর, ঘোজাডাঙ্গা, ঝিলের খেয়া ও গোবিন্দকাটি এলাকা থেকে ১০ টি অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা পরিষদ ডাকবাংলা চত্বরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান। এ সময় ক্ষেত্র সহকারী উজ্জ্বল কুমার অধিকারী ও ন্যাশনাল সার্ভিসের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ৭ জানুয়ারি থেকে এই বিশেষ কম্বিং অপারেশন শুরু হয়েছে। দু’টি ধাপে ২৮ জানুয়ারি পর্যন্ত এই অভিযান পরিচালিত হবে। পরবর্তীতেও অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।