দিনাজপুরের চিরিরবন্দরে গত ২০ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬টায় দেশীয় চোলাইমদ পান ও গাঁজা সেবন করার সময় ২ মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও রাত ৮ টায় এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে নিয়মিত মামলা রুজু করেছে থানা পুলিশ। এ ঘটনাটি উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের আরজি গোলাহার গ্রামের খাড়িপাড়ায় ও বড়গ্রামে ঘটেছে।
একটি গোপন সূত্রে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. মেজবাউল করিমের নেতৃত্বে থানা পুলিশের এস আই আবুল কালাম আজাদ মাদকসেবন অবস্থায় ২জনকে আটক করে। চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাউল করিম ঘটনাস্থলেই ধৃত দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের চকদেওতৈড় গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন রানাকে(৪৩) চোলাইমদ পানের অভিযোগে ৬ মাস বিনাশ্রম ও উত্তর জয়দেবপুর গ্রামের যদু গোপাল রায়ের ছেলে সুমন চন্দ্র রায় (৩৪)কে গাঁজা সেবনের অভিযোগে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে এস আই জয়ন্ত কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী বড়গ্রামের রেজাউল ইসলামকে ১৩ পিস ইয়াবাসহ বিক্রির সময় হাতে নাতে আটক করলে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। থানার ওসি সুব্রত কুমার সরকার সত্যতা স্বীকার করে জানান, চিরিরবন্দরের এক ইঞ্চি পরিমাণ জায়গায় মাদকসেবন ও ব্যবস্যা করতে দেওয়া হবেনা।