চোর সন্দেহে ছিন্নমূল (টোকাই) এক কিশোরকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। সোমবার রাতে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন কালী মাতার মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। নির্মম নির্যাতনে সাগর নামের কিশোরের বাম পা মারাত্মকভাবে জখম হয়েছে।
তবে অভিযুক্ত ব্যক্তির স্বজনরা কিশোরকে মারধর করার অভিযোগ অস্বীকার করে বলেন, মন্দির প্রাঙ্গণে চুরির ধান্দায় ঘোরাঘুরি করছিল টোকাই সাগর। সে কারণে তাকে ২/১টি চড় থাপ্পড় দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় কিশোর টোকাই সাগর শ্রী শ্রী কালী মাতার মন্দিরের গেট খোলা দেখে ভেতরে ঢুকে পরে। একপর্যায়ে জনৈক যুবক কিশোর সাগরকে চোর সন্দেহে আটক করে বেদম প্রহার করে। এতে তার বাম পা মারাত্মকভাবে জখম হয়। এ সময় সাগরের চিৎকারে পথচারীরা ঘটনাস্থলে ভিড় জমান। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ করে বিষয়টি অশ্বিনী কুমার টাউন হলের সামনে দায়িত্ব পালনকারী কোতোয়ালি মডেল থানার দুই পুলিশ সদস্যকে অবহিত করেন। এ সময় দুই পুলিশ সদস্য মন্দির সংলগ্ন বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করলে তারা বিষয়টি পুরোপুরি অস্বীকার করে উল্টো টোকাই সাগরকে চোর হিসেবে আখ্যায়িত করেন। পরবর্তীতে পুলিশ সদস্যরা সাগরকে থানায় পাঠিয়ে দেন।
কোতোয়ালি মডেল থানার ডিউটি কর্মকর্তা শাহানাজ খানম বলেন, দুই কিশোর থানায় এসেছিল। এদেরমধ্যে এক কিশোরকে আহত অবস্থায় দেখা গেছে। তবে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ দিতে না পারায় আহত কিশোরকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।