ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের নৌকা মার্কার সমর্থনে প্রচারণা সভা শেষে মঙ্গলবার সকাল থেকে গণসংযোগে নেমেছেন বরিশাল বিভাগ সমিতির নেতৃবৃন্দরা।
এর আগে ঢাকাস্থ বরিশাল বিভাগ সমিতির আয়োজনে সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি কেএম আমিন উদ্দিন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান জয় প্রমুখ।
সভায় ব্যারিস্টার ফজলে নূর তাপসকে বিজয়ী করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের ঢাকাস্থ বরিশাল বিভাগ সমিতির উদ্যোগে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে মোতাবেক মঙ্গলবার সকাল থেকে বরিশাল বিভাগ সমিতির একাধিক টিম মাঠে প্রচারণা শুরু করেছেন বলে জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।