বছরের প্রথম গ্র্যান্ড স্লামের প্রথম দিনেই চমক উপহার দিলেন কোকো গফ। সাতবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ভেনাস উইলিয়ামসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ১৫ বছরের কিশোরী। সোমবার প্রথম রাউন্ডে ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে জিতেন গফ। গত জুলাইয়ে উইম্বলডনের প্রথম রাউন্ডেও নিজের ‘আইডল’ ৩৯ বছর বয়সী ভেনাসকে সরাসরি সেটে হারিয়েছিলেন তিনি, দিয়েছিলেন আগমনী বার্তা। অস্ট্রেলিয়ান ওপেনে অভিষেকেই দারুণ জয় পেয়ে ভীষণ উচ্ছ্বসিত গফ। “ম্যাচটি সত্যিই অনেক কঠিন ছিল। তিনি (ভেনাস) দারুণ খেলেছেন। ম্যাচ নিয়ে আমি চিন্তিত ছিলাম-ড্র দেখার পর আমি কিছুটা শঙ্কিত হয়ে পড়েছিলাম। তবে এই বাধা পেরুতে পেরে আমি খুশি।” “অসাধারণ অনুভূতি হচ্ছে। আমি সত্যিই এখানকার কোর্ট ও দর্শকদের পছন্দ করি।” দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের এই উঠতি তারকা খেলবেন রোমানিয়ার ৭৪তম বাছাই সোরানার বিপক্ষে।