এ বছর আসছে ঈদুল ফিতরের পর দিনই স্ত্রীকে বিদায় নিয়ে স্বপ্নের ঘর বাঁধার কথা তরুণ ফটো সাংবাদিক আসেফ তাজোয়ার অর্ণবের। কিন্তু তার স্বপ্ন আর পুরণ হলো না। তার আগেই সকলকে কাঁদিয়ে এ পৃথিবী থেকে বিদায় নিলো অর্ণব। গত (১৯ জানুয়ারি ২০২০) রোববার রাতে ঘরে একা ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করে অর্ণব (ইন্না..........রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, শহরের রামনগর নিবাসী ব্যবসায়ী মৃত জাহান্দারুল আজাদ অরুন এর একমাত্র কন্যা জারিন তাসনিম অঙ্কিতা’র সাথে ধর্মীয় রীতি অনুযায়ী মোহর হয় শহরস্থ মডার্ন মোড় এলাকার ব্যবসায়ী সৈয়দ আলম এর একমাত্র ছেলে আসেফ তাজোয়ার অর্ণবের সাথে। পারিবারিক ভাবেই সিন্ধান্ত ছিলো এ বছর ঈদুল ফিতরের পর দিনই বেশ ধূমধাম করে একমাত্র ছেলে ও পুত্রবধুর বিয়ের অনুষ্ঠান করবে।
এদিকে পরিবারের লোকজন অর্ণবের লাশ বাড়ীতে নিয়ে আসলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। অশ্রু সিক্ত নয়নে শেষ বারের মতো অর্ণবকে একবার দেখতে ভিড় জমায় বিপুলসংখ্যক মানুষ। অর্ণবের এই অকাল মৃত্যুকে যেন কোনো ভাবেই মেনে নিতে পারছিল না তারা। অন্যদিকে সবার প্রিয় অর্ণবের অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শোক জানায় অনেকে।
উল্লেখ্য, সর্বদা হাস্যোজ্জল, সদালাপি আসেফ তাজোয়ার অর্ণব দিনাজপুর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। সে দৈনিক আলোচিত কন্ঠ পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক আওয়ামী কন্ঠের ফটো সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কো’জন এর সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল (২০ জানুয়ারি ২০২০) সোমবার বাদ যোহর দিনাজপুর একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে অর্ণবের জানাজা ও কালিতলাস্থ সোনাপীর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়।
এদিকে অর্ণবের অকাল মৃত্যুতে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ অর্নবের আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং শোকাহত পরিবারের সকলকে ধৈর্য্য ধারনের আহবান জানান।