বিদ্যমান জলাশয় ভরাট করে বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করায় দিনাজপুরের রেল শহর পার্বতীপুর ক্রমেই জলাশয় শূন্য হয়ে পরার উপক্রম হয়েছে। শহরের গুলপাড়া, নুরনগর, রহমতনগর, পাওয়ার হাউস কলোনী, আদর্শ কলেজপাড়া, হলদীবাড়ী রেলগেট ও পার্বতীপুর বাসটার্মিনাল এলাকার সরকারি রেল ও অর্পিত সম্পত্তিতে থাকা অনেক জলাশয় ইতোমধ্যে ভরাট করে ব্যক্তিগত অবকাঠামো গড়ে তোলা হয়েছে। জলাশয় ভরাট বন্ধে রেল কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কেউ এগিয়ে না আসায় শহরের স্বাভাবিক পরিবেশ বিঘিœত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শহরের কেন্দ্র স্থলে রহমতনগর মহল্লার প্রধান সড়কের পাশে ওই মহল্লার প্রয়াত কফিল বি.টি’র ছেলে প্রকৌশলী আবু হেনার দখলে থাকা পুকুরটি পার্বতীপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুর রউফ, রেলপার্ক সংলগ্ন হোটেল মালিক আনিছুর রহমান ও পার্বতীপুর রেলওয়ের লোকোমাষ্টার (চালক) বুলবুল আহম্মেদসহ চার জনের কাছে বিপুল অর্থের বিনিময়ে দখল হস্থান্তর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মহল্লার বাসিন্দারা স্থানীয় পার্বতীপুর রেল কাচারির কানুগো জিয়াউল হক ও উদ্ধর্তন উপ-সহকারি প্রকৌশলী (কার্য) মো. তৌহিদুল ইসলামসহ রেলের উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে এ বিষয়ে যোগাযোগ করলেও পুকুর ভরাট বন্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো পুকুরের ক্রেতারা গোপনে রাতের আঁধারে মাটি ভরাটের কাজ চালাচ্ছেন।
জানা গেছে, ১৮৭৯ সালের দিকে ব্রিটিশ শাসন আমলে তৎকালীন পূর্ব-পাকিস্তানে রেলের বিভিন্ন অবকাঠামো নির্মাণের ফলে পার্বতীপুর শহরে অনেকগুলো জলাশয়ের সৃষ্টি হয়। পরবর্তীকালে এসব নালা ও জলাশয় স্থানীয় বাসিন্দাদের দেশি মাছের চাহিদা পুরণ ও পানির নানামুখী ব্যবহারের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সময়ের ব্যবধানে পার্বতীপুর শহরের আয়তন বৃদ্ধির সাথে সাথে ব্যবসা-বাণিজ্য, বাসা-বাড়ী ও জনসংখ্যা কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। দেখা দিয়েছে প্রয়োজনীয় ব্যক্তিগত জায়গা-জমির সংকট। এখানকার তিন-চর্তুথাংশ জায়গা-জমি সরকারি রেল, পরিত্যাক্ত, অর্পিত, রিলিফ ও আর্মি ক্যাটাগরির অর্ন্তভূক্ত হওয়ায় পার্বতীপুর শহরে স্বাধীনভাবে নতুন নতুন বাড়ী-ঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হচ্ছে না। ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তিরা সরকারি নিয়ম-নীতি ও পরিবেশ অধিদপ্তরের আইনকানুনের তোয়াক্কা না করে সরকারি সম্পত্তিতে থাকা জলাশয় ভরাট করে ইচ্ছেমত বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এর ফলে পার্বতীপুর শহর জলাশয় শূন্য হয়ে পড়ার উপক্রম হয়েছে। শহরের সচেতন লোকজন অবৈধভাবে জলাশয় ভরাট করে অবকাঠামো নির্মাণের বিষয়টি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জানানোর পরেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
রহমত নগর মহল্লার রেল জলাশয়ের ৪ শতক জমি আমি বাড়ীর পানি নিষ্কাশনের জন্য প্রকৌশী আবু হেনার কাছ থেকে কিনেছি বলে জানান- পার্বতীপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুর রউফ।
পার্বতীপুর রেলওয়ের লোকোমাষ্টার (চালক) বুলবুল আহম্মেদ বলেন, জমির পূর্বের ভোগ দখলকারী প্রকৌশলী আবু হেনা জলাশয়ের ৫ শতক জায়গা আমার কাছে হস্থান্তর করেছেন। তিনি দাবি করেন, গত অক্টোবর মাসে তিনি জায়গাটি লিজ নিয়েছেন। তবে জলাশয় ভরাটের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, পিলার দিয়ে আমি আবকাঠামো নির্মাণ করবো।
উপাধ্যক্ষ আবদুর রউফ ও লোকোমাষ্টার বুলবুল আহম্মেদ তাদের ক্রয় করা জায়গাগুলো রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ থেকে লিজ নিয়েছেন দাবি করেন। তবে, ভূ-সম্পত্তি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন- দীর্ঘদিন ধরে রেলের জমি লিজ দেয়ার প্রক্রিয়া বন্ধ রয়েছে।
রেলের জলাশয় কেনা-বেচা ও ভরাট প্রসঙ্গে পার্বতীপুর রেল কাচারির কানুনগো জিয়াউল হক বলেন, জলাশয় ভরাটের কাজ বন্ধ করা আমার দায়িত্ব নয়, এটা আইডাব্লিউ’র কাজ।
পার্বতীপুরে রেলের উদ্ধর্তন উপ-সহকারি প্রকৌশলী (কার্য) মো. তৌহিদুল ইসলাম বলেন, মাটি ভরাট বন্ধে ইতোমধ্যে কানুনগো জিয়াউল হককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিদর্শে দেওয়া হয়েছে।
এদিকে, শহরে জোর কানাকানি রয়েছে সংশ্লিষ্ট রেল কর্মকর্তারা অভিযুক্তদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে নীরব ভূমিকা পালন করছেন। তবে ওই দুই কর্মকর্তা এধরনের অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।
পরিবশে অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, জলাশয় ভরাটের ব্যাপারে বলেন, জলাশয় ব্যক্তিগত হোক, বা সরকারি হোক ভরাট করা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। কেউ অভিযোগ করলে আমরা অভিযুক্তের বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।