জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, এবার আপনার ভোটাধিকার আপনাকেই রক্ষা করতে হবে। আর ভোটাধিকার রক্ষা করতে হলে আপনাদের ভোট দিতে আসতেই হবে। তখন যদি কেউ ভোট ডাকাতি করতে আসে তাহলে হাত কেটে দেবেন। এ সময় তিনি সিটি নির্বাচনে নাগরিকদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে মিরপুর ৬ নম্বর সেকশন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আব্দুর রব বলেন, আগামী ১ ফেব্রুয়ারি ভোটের লড়াই হবে। এ সময় যারা ভোট ডাকাতি করতে আসবে তাদের প্রতিহত করবেন। যদি ১ তারিখে ভোট হয়, আপনারা ভোট দিতে পারেন তাহলে তাবিথ আউয়াল নির্বাচিত হবে।
ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রের মুক্তি হবে উল্লেখ করে তিনি আরো বলেন, ১ তারিখের লড়াই গণতন্ত্রের লড়াই। আপনাদের একটা ভোট খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য, হাজার হাজার কর্মীকে জেল থেকে মুক্ত করার জন্য, লাখ লাখ মামলা প্রত্যাহারে সহযোগিতা করবে। ১ তারিখে আসবেন, ভোট দেবেন।