চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যানচালকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যৃ হয়েছে ও এক যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ দূর্ঘটনাটি গতকাল ১৯ জানুয়ারি রোববার সকাল ৭ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হাজীরমোড়ের পশ্চিমে এম এইচ পেট্রোল পাম্পের সামনে ঘটেছে।
প্রত্যক্ষদর্শিসূত্রে জানা গেছে, উপজেলার লালদিঘী এলাকার এক ইটভাটা থেকে ইট বোঝাই একটি ট্রাক্টর দিনাজপুর শহরের উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানকে পাম্পের সামনে চাপা দিলে ঘটনাস্থলেই সিরাজুল ইসলাম( ৫০) নামে এক ভ্যানচালক চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ সময় সাদেকুল ইসলাম গদার ছেলে মাসুদুর রহমান(২০) নামে এক ভ্যানযাত্রী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, মাত্র ৬৫ হাজার টাকায় আপষ করা হয়েছে এবং বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের আবেদন করে মরদেহ নেয়া হয়েছে।
এ ঘটনার ব্যাপারে থানার ওসি সুব্রত কুমার সরকার ও এসআই লিটন আকন্দ জানান, নিহতের পরিবার ও ঘাতক ট্রাক্টরের মালিকের মাঝে সমঝোতা হওয়ায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।