মুলাদী-বরিশাল সড়কের মীরগঞ্জ ফেরিঘাটে পল্লী বিদ্যুতের খুটিসহ পন্টুন ডুবে ট্রাক নদীতে পড়ে গেছে। শনিবার সকাল ৮টার দিকে বরিশাল থেকে পল্লী বিদ্যুতের খুঁটি নিয়ে আসা ট্রাকটি ফেরি পাড় হওয়ার সময় পন্টুনে ওঠার পর হঠাৎ থেমে যায় এবং অতিরিক্ত মালের চাপে পন্টুনের একপ্রান্ত ডুবে গেলে ট্রাকটি নদীতে পড়ে যায়। ফলে ফেরি পাড়াপাড় বন্ধ হয়ে বরিশাল বিভাগীয় শহরের সাথে মুলাদী, হিজলা ও কাজিরহাট থানার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সড়ক ও জনপথ বিভাগের সুপারভাইজার রফিকুল ইসলাম জানান পন্টুন উদ্ধারকারী ক্রেন বানাড়ীপাড়া উপজেলায় রয়েছে। কর্তৃপক্ষকে সংবাদ দেওয়া হয়েছে। ক্রেন এসে পৌঁছালে পন্টুন ও ট্রাকটি উদ্ধার করলে ফেরিঘাটের গাড়ি চলাচল স্বাভাবিক হবে। এরিপোর্ট লেখা পর্যন্ত মীরগঞ্জ ফেরিঘাটের পন্টুন ও ট্রাক নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।