সৈয়দপুরে আদর্শ গ্রাম প্রকল্পের আওতায় পুর্নবাসিত হয়ে উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসহায়-দুস্থ ও হত দরিদ্র ৫০ পরিবার নতুনভাবে জীবন গড়ার ঠিকানা খুঁজে পেয়েছে। পুনর্বাসনের স্বপ্ন পূরণে ওই সময় দায়িত্বে থাকা সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুল আলম এদের মধ্যে ২২ জনকে সহজ কিস্তিতে ১টি করে নতুন রিকশা বিতরণ করেছেন। সৈয়দপুর উপজেলা পরিষদের ৪ থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্ব দিকে কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর ডিগ্রি কলেজের পাশে এক মনোরম পরিবেশে এ আদর্র্শ গ্রাম নির্মাণ করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং কামারপুকুর ইউনিয়নের ওই সময়ে দায়িত্বে থাকা চেয়ারম্যান -২য় পাতা শফিকুল ইসলাম এ প্রকল্প বাস্তবায়ন করেন। প্রায় ১ একর ৭৫ শতক জমির বিশাল পুকুর পাড়ে টিনের বেড়া ও চাল দিয়ে নির্মিত আদর্শ গ্রামে ৫০ অসহায় হত দরিদ্র পরিবার স্থান পেয়েছে। এ আদর্শ গ্রামে পানি সরবরাহের জন্য বসানো হয়েছে ৬ নলকূপ। গোসলখানা ও ল্যাট্টিন বসানো হয়েছে ১১। এ আদর্শ গ্রাম তদারকি করার জন্য মাঝে মাঝে এখানে আসেন সরকারি লোকজন। তাদের বসার জন্য এখানে তৈরি করা হয়েছে ১ অফিস ঘর। অপরপাশে এ আদর্শ গ্রামে দেখা দিয়েছে নানা সমস্যা। বর্ষাকালে সামান্য বৃষ্টিপাত হলেই এ প্রকল্পে জমে হাঁটু পর্যন্ত পানি। ছেলেমেয়েদের পড়াশোনার জন্য তৈরি করা হয়নি মাদ্রাসা, স্কুল। নির্মিত হয়নি ঈদগাহ, কবরস্থান এবং মসজিদ। এ সমস্যাগুলো সমাধানের জন্য আদর্শ গ্রামের প্রায় ৫’শ নারী পুরুষ দাবি তুলেছে সরকারের কাছে। এ আদর্শ গ্রামের ৫০ পরিবার একত্র হয়ে তৈরি করেছে একটি সমিতি। এ সমিতির নাম দিয়েছে কামারপুকুর আবাসন প্রকল্প বহুমুখী সমবায় সমিতি। বর্তমানে নারী-পুরুষ মিলে এ সমিতির সদস্য সংখ্যা প্রায় ৯৮ জন। সমিতি করে তারা পূর্বের চেয়ে বর্তমানে সুখী জীবনযাপন করছে বলে সমিতির অনেকে জানায়। এ আদর্শ গ্রামের সুফল সম্পর্কে কথা হয় ওই সমিতির সভাপতি সুরুজ মিয়া ও সম্পাদক খলিলুর রহমানের সাথে। তারা বলেন, বর্তমানে এ আদর্শ গ্রামে ৫’শ লোকের বসবাস। ভিন্ন ভিন্ন গ্রাম থেকে এসে আমরা বসবাস করছি। তারপরেও আমাদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ হয় না। আমরা একে অপরের বিপদে এগিয়ে গিয়ে সমস্যা সমাধান করে থাকি। তাই এ আদর্শ গ্রামে বসবাস করে নিজেকে সুখী মনে করছি। তবে তাদের দাবি আবাসন নির্মাণের পর থেকে এ পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি। বর্তমানে ফুটো হয়ে গেছে ঘরের টিনগুলো। বর্ষাকালে পানি পড়ে ফলে ঘরে থাকা সম্ভব হয় না। ড্রেনগুলো সংস্কারের অভাবে বন্ধ হয়ে গেছে। বর্ষাকালে আবাসন তলিয়ে যায় পানিতে তখন আমাদেরকে থাকতে হয় কামারপুকুর ইউনিয়ন পরিষদের বারান্দায় গিয়ে। বিষয়গুলোর দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন আবাসন বাসিন্দা বাচিয়া, আবদুস সাত্তার, আনছার আলী, সুলতান উদ্দিন, পাষানি, জহুরুল, রাবেয়া, রহিমা বেগম ও লাইলী বেগম।