আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি জিতলে সুষ্ঠু আর হারলে কারচুপি। একথা বলা তাদের পুরনো অভ্যাস। তাছাড়া নির্বাচনের আগে তারা দিবাস্বপ্ন দেখে। বিএনপি যেকোনও নির্বাচনের আগে তাদের জনপ্রিয়তা তুঙ্গে বলে প্রচার করে। কিন্তু নির্বাচনে হেরে যায়। এবার সিটি নির্বাচনে তাদের দিবাস্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ক্লিন ইমেজের দুই মেয়র প্রার্থীর পক্ষে যেভাবে গণজোয়ার উঠেছে তাতে আশা করছি তারাই জয়ী হবে।’
শনিবার (১৮ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইভিএম প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ইভিএম পদ্ধতি নিয়ে বিষোদগার করছে। অতীতে ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হয়েছে। বিএনপি প্রার্থীরা ইভিএম পদ্ধতির বেশ কয়েকটি নির্বাচনে জয়ীও হয়েছেন।
নির্বাচনের তারিখ পরিবর্তন নিয়ে তিনি বলেন, একই দিনে সিটি নির্বাচন ও সরস্বতি পূজা নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন তাদের সঙ্গে কথা বলে একটি গ্রহণযোগ্য তারিখ ঠিক করবে বলে আশা করছি। এ সময় তিনি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ-দফতর সম্পাদক সায়েম খান।