সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে শুক্রবার তৃতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী ইংল্যান্ড। প্রথমটি স্বাগতিকরা এবং পরেরটি ইংলিশরা জিতে নেয়ায় চার ম্যাচ সিরিজে প্রথম দুই টেস্টে ১-১ সমতা বিরাজ করছে। তাই এবার সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে পোর্ট এলিজাবেথে বাংলাদেশ সময় দুপুর ২টায় তৃতীয় টেস্টে মাঠে নামবে দল দু’টি। জয় দিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু করে দক্ষিণ আফ্রিকা। ১০৭ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে প্রোটিয়ারা। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নীপের মঞ্চে প্রথম জয়ের স্বাদ নেয় দক্ষিণ আফ্রিকা। এর আগে টেস্ট চ্যাম্পিয়নীপে নিজেদের প্রথম তিন ম্যাচে ভারতে হোয়াইটওয়াশ হয়েছিলো দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্ট হারলেও সিরিজে সমতা আনতে মোটেও সময়ক্ষেপন করেনি ইংল্যান্ড। পরের টেস্টেই ঘুড়ে দাঁড়ায় ইংলিশরা। ওপেনার ডম সিবলির অপরাজিত ১৩৩ রান ও বেন স্টোকসের অলরাউন্ড নৈপুণ্যে ১৮৯ রানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারের স্বাদ দেয় ইংল্যান্ড। ফলে সিরিজে ১-১ সমতা চলে আসে। এ অবস্থায় ভাগ্যের সহায়তা চাইছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ব্যাট হাতে ধুঁকতে থাকা ফাফ ডু-প্লেসিস। সর্বশেষ সাত ইনিংসে তার সর্বোচ্চ রান ২৯। সাথে টসও পক্ষে কথা বলছে না। টানা পাঁচ টেস্টে টস হেরেছেন ডু-প্লেসিস। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার মুখে পড়েছেন তিনি। অথচ গেল বছর দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ডু-প্লেসিস। দক্ষিণ আফ্রিকার মিডল-অর্ডারে ডু-প্লেসিসের সাথে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে যুবায়ের হামজাকেও। চলমান সিরিজের চার ইনিংসে ডু-প্লেসিস ৬৯ ও হামজা ৬৬ রান করেছেন। দলের ব্যাটিং লাইন-আপে তিন ও চার নম্বরে ব্যাট করে থাকেন তারা। ডু-প্লেসিসের নেতৃত্বে দু’বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর ২৩ টেস্টে মাত্র পাঁচটিতে হার মানে দক্ষিণ আফ্রিকা। জয় ছিলো ১৫টি। কিন্তু দলের কিছু অপরিহার্য খেলোয়াড়রা অবসর নেয়ার পর আট টেস্টে হারের বিপরীতে মাত্র ৩টিতে জয় পায় প্রোটিয়ারা। তাই নিজের পারফরমেন্সের সাথে সাথে দলকে সাফল্য এনে দিতে মরিয়া ডু-প্লেসিস, ‘প্রথম টেস্টের শুরুটা দারুন ছিলো আমাদের। দলের সবাই জয়ের জন্য মুখিয়ে ছিলো। ঐ জয়ের পর নতুনভাবে পথ চলা শুরু হয়েছিলো আমাদের। উজ্জীবিত হয়েছে পুরো দল। কিন্তু দ্বিতীয় টেস্টে আমরা দল হিসেবে খেলতে পারিনি। ঐ ম্যাচে জয় ইংল্যান্ডের প্রাপ্যই ছিল। তারা খুবই ভালো খেলেছে। তবে এখন আমরা সামনের টেস্টের দিকে তাকিয়ে আছি। ব্যাট হাতে ও অধিনায়ক হিসেবে আমাকে সামনে থেকেই নেতৃত্ব দিতে হবে। দলকে আবারো জয়ের স্বাদ দিতে মরিয়া দল। তাই ম্যাচ জয়ে জন্যই আমরা মাঠে নামবো।’ তবে পোর্ট এলিজাবেথের মাঠ ডু-প্লেসিসের জন্য পয়মন্ত। এখানে দু’টি সেঞ্চুরিতে ৭২ দশমিক ৭১ গড়ে তার রান ৫০৯। আর এখানে ১৮৮৮/৮৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল-সেঞ্চুরি করেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। কিন্তু চলমান সিরিজে চার ইনিংসে মাত্র একটি হাফ-সেঞ্চুরি রয়েছে তার। তাই রান ক্ষুধায় রয়েছেন রুটও। তবে এটি নিয়ে খুব বেশি চিন্তিত নন রুট। সিরিজে লিড নেয়ার জন্য মুখিয়ে আছেন ইংলিশ দলপতি। তিনি বলেন, ‘পিছিয়ে পড়েও আমরা দারুনভাবে সিরিজে ফিরেছি। এই ধারাটা অব্যাহত রাখতে পারলে, পরের ম্যাচেও জয় সম্ভব এবং আমি আশাবাদি। দল হিসেবে খেলতে পারলে এবং সবাই সবার দায়িত্ব পালন করলে জয় অবশ্যই সম্ভব। তবে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকা অন্যতম সেরা দল। তারা জয়ের জন্য মুখিয়ে আছে। তাই প্রথম থেকে ম্যাচের নিয়ন্ত্রন নিতে হবে আমাদের।’
এদিকে, ইনজুরির কারণে সিরিজের প্রথম দুই টেস্টে খেলতে পারেননি ইংল্যান্ডের দুই পেসার ক্রিস ওকস ও মার্ক উড। তৃতীয় টেস্টের জন্য ফিট তারা। পাশাপাশি ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন জোফরা আর্চারও। প্রথম টেস্টে ইনজুরিতে পড়েছিলেন তিনি। তাই এই পেসারের মধ্যে যেকোন দু’জনকে একাদশে রাখবে ইংল্যান্ড। তবে এজন্য বড় ধরনের এক পরীক্ষায় পড়তে হবে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টকে।