দিনাজপুরের বিরামপুরে রাস্তার পাশে পড়ে থাকা ট্রাককে বালুবাহি ট্রলি দিয়ে টেনে তোলার সময় ট্রাকের চাপায় শাহিনুর ইসলাম শাহিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে।
নিহত যুবক শাহিনুর ইসলাম শাহিন (৩০) দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে।
গতকাল বুধবার দুপুর ১টায় বিরামপুর উপজেলার কাটলা ডিগ্রি কলেজের পূর্বপাশে কাটলা-শিবপুর রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের বোন কামরুন্নাহার সাংবাদিকদের বলেন, শাহিনুর ইসলামকে নিয়ে কাটলা বাজারে আসার সময় কাটলা কলেজের পূর্বপাশে রাস্তার পাশে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৩১৬৬) পড়ে ছিল। সেই ট্রাকটিকে একটি বালুবাহি ট্রলি দিয়ে টেনে তোলার সময় রাস্তায় মোটরসাইকেলে থাকা শাহিনুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিনুরের মৃত্যু হয়।
বিরামপুর থানার ওসি মতিয়ার রহমান (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শাহিনুর ইসলাম মোটরসাইকেলে বিরামপুরের অচিন্তপুর থেকে তার বোন ও ভাগনাকে নিয়ে কাটলা বাজারে আসার সময় ট্রাকের চাপায় নিহত হয়েছেন। ট্রাকের চালক ও চালকের সহকারী পলাতক রয়েছে।