দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের আশুড়ার বিলে পানি সংরক্ষনের জন্য নির্মিত ক্রস ড্যামের বাঁধ ভেঙে দেয়ার ঘটনায় ইউ,পি সদস্য মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য। মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আঃ সালাম জানান- সোমবার(১৩ জানুয়ারী) দিবাগত রাতে আশুড়ার বিলের পাড়ে বসবাসকারী হরিপুর গ্রামের লোকজন আশুড়ার বিলের ক্রস ড্যামটির বাঁধ কেটে দেয়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মত নাজমুন নাহার, সহকারী কমিশনার (ভুমি) মো. আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় বাঁধটি পুনরায় সংস্কার করেন। এ সময় ওই ইউ,পি সদস্য সহ হরিপুর গ্রামের কয়েকশ লোকজন পুনরায় বাঁধটি ভেঙে দেয়। পরে অতিরিক্ত পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাঁধটি সংস্কার করা হয়। এ ঘটনায় মঙ্গবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি) এর উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. রাশেদুর জামান বাদী হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা, সরকারি কাজে বাধা সরকারি সম্পত্তি ক্ষতির অভিযোগে ১৭ জনের নাম উল্লেখ করে ৫-৬শ অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে থানায় মামলা করেন । নবাবগঞ্জ থানার (ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন ।