গত বছরটা সাফল্যে মোড়ানো ছিল ভারতীয় পেসার জসপ্রীত বুমরার। তার স্বীকৃতিও পেতে যাচ্ছেন অবশেষে। ২০১৮-১৯ মৌসুমে ভারতের বর্ষসেরা ক্রিকেটারের সর্বোচ্চ পুরস্কার পলি উমরিগড় পদক পাচ্ছেন ডানহাতি এই পেসার। তার মতো মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা পুনম যাদব। আজকেই বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণীতে এই পুরস্কার হাতে তুলে নিবেন বুমরা। রঙিন ও সাদা পোশাকে ভারতের অন্যতম অস্ত্র এখন তিনি। নিজেকে মেলে ধরেছেন সেভাবেই। টেস্টে ২০১৮ সালে অভিষেক হওয়া বুমরার গত বছরটা কেটেছে আধিপত্য বিস্তার করে। সাদা পোশাকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজে প্রথম এশিয়ান হিসেবে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। এমনকি হ্যাটট্রিকও করেছেন। কেপটাউন টেস্টে অভিষেকের পর ১২ টেস্টে তার উইকেটের ভাণ্ডার বেশ সমৃদ্ধ। নিয়েছেন ৬২টি উইকেট। এই সময়ে তার চেয়ে ভালো বোলিং গড় ছিল মাত্র তিনজনের, বুমরার ১৯.২৪। তার দারুণ নৈপুণ্যেই ভারত গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পায়। পুরস্কার বিতরণীতে তাকে ট্রফির সঙ্গে একটি মানপত্র আর অর্থ পুরস্কার দেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।