ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সমর্থন দিয়ে নিজেদের প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি। কিন্তু তারা সে সিদ্ধান্ত বদল করেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলীয় প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন প্রার্থিতা প্রত্যাহারের বিষটি বিভিন্ন গণমাধ্যমকে জানান। এরপর বিকেল ৪টায় সিদ্ধান্ত বদল করে মেয়র পদে নির্বাচনে থাকার কথা জানান।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল আজ। কিন্তু বিকে ৪টায় নির্বাচনে থাকার ঘোষণা দিয়ে জাপা মহাসচিব রাঙ্গা বলেন, দক্ষিণ সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করবে। তাই বিভিন্ন ওয়ার্ডে জাতীয় পার্টি সমর্থিত নেতাকর্মীসহ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনের শেষ পর্যন্ত কাউন্সিলর প্রার্থীর পক্ষে মাঠে থেকে কাজ করার নির্দেশ দিচ্ছি।