আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, ‘নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারেন না। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণায় বিএনপি সুবিধাজনক অবস্থানে আছে। তাদের সব নেতাই নির্বাচনে অংশগ্রহণসহ প্রচার কাজ চালাতে পারবেন। তাদের তো কোনো বাধা নেই। কিন্তু ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিদের ‘মুখে কুলুপ’ লাগিয়ে রাখা হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ডের পরিস্থিতিতে আওয়ামী লীগের চেয়ে বিএনপি অনেক ওপরে। কারন, ২০০৪ সালে লেভেল প্লেয়িং ফিল্ডের এ বিষয়টি আমিই সামনে এনেছিলাম।’
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে সাড়ে ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত নির্বাচন ভবনে আসন্ন দুই সিটি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
আচরণবিধিতে নিষেধাজ্ঞা থাকলেও আওয়ামী লীগ সংসদ সদস্যদের প্রচারণায় দেখা যাচ্ছে এর ব্যাখ্যা জানতে চাইলে এইচ টি ইমাম বলেন, ‘সেটা তো দলীয় কার্যক্রম, নির্বাচনি নয়। তাছাড়া নির্বাচনি প্রচার এখন শুরু হয়নি।’
পোলিং কর্মকর্তা নিয়োগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়নি। নিয়োগ দেয়া হলে দেখবো দলীয় কেউ নিয়োগ পেয়েছে কিনা। আমরা চাই শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণ। এজন্য সরকার কী সহায়তা করবে তা নিয়ে আলোচনা করতে এসেছিলাম।’
আচরণবিধি সংশোধন করে নিজেরা সুবিধা চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বলতে চাই না আমাদের সুবিধার জন্য পরিবর্তন করা হোক। যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়, তবে সংশোধন নিয়ে ভাবা যাবে। আমরাই জেনেশুনে আইন করেছি।’
ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে এইচ টি ইমাম বলেন, ‘যন্ত্র আওয়ামী লীগ, বিএনপি চেনে না। কমিশনকে ধন্যবাদ। যারা দায়িত্ব পালন করবেন, তারা বিষয়টা জানেন। তারা অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। তাছাড়া সেনাবাহিনী এখানে টেকনিক্যাল সাপোর্ট দেবে।’
এর আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নেতৃত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার কবিতা খানম, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং দুই সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন ও আবুল কাশেম। তবে নির্বাচনি কাজে চট্টগ্রাম থাকায় এই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।
এদিকে আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ এমপি, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ প্রমুখ।