দিনাজপুরের বীরগঞ্জে একটি গোডাউনে অগ্নিকাণ্ডে আনুমানিক ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মার্কেট মালিক মো. ফারুক হোসেন।
বুধবার দুপুর ১২টায় বীরগঞ্জ পৌর শহরের স্লুইজ গেট সড়কের মো. ফারুক হোসেনের মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।।
প্রত্যক্ষদর্শীরা জানান, মো. ফারুক হোসেনের মার্কেটের একটি গোডাউনের টিন সেডের কাজ করছিল টিন মিস্ত্রিরা। কাজ করার একপর্যায়ে লোহার ঝালাই করার সময় আগুনের ফুলকি গোডাউনে রক্ষিত মালামালের উপর এসে পড়ে। সেখান থেকে আগুনের উৎপত্তি হয়। আগুন ছড়িয়ে পড়লে প্রথমে আশেপাশের দোকানদার এবং স্থানীয় জনতা আগুন নেভানোর চেষ্টা করে। সংবাদ পেয়ে উপজেলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে কাহারোল উপজেলা হতে দুইটি এবং খানসামা উপজেলা হতে দুইটি ইউনিট এসে যোগ দেয়। তাদেরকে সহযোগিতা করার জন্য বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিনের নেতৃত্বে একদল পুলিশ এবং বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মো. আল মামুনের নেতৃত্বে রোভার স্কাউটের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। সকলের চেষ্টায় দুপুর ১টায় আগুন পুরো নিয়ন্ত্রণে আসে।
বীরগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নির্মল কুমার রায় জানান, দ্রুত সময়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। আমাদের সহযোগিতার করার জন্য পাশের উপজেলা কাহারোল ও খানসামা হতে ২টি করে মোট ৪টি এবং আমাদের উপজেলার ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আর এ কারণে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারে নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। বিদ্যুৎ দিয়ে ঝালাই করার কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে তিনি জানান। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি।
বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিন বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উদ্ধার কাজ সহ সার্বিক সহযোগিতা করেছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার স্টেশন এবং পুলিশের পাশাপাশি স্থানীয় জনতা ও বীরগঞ্জ সরকারি কলেজের রোভার স্কাউটের অংশগ্রহণ নজির স্থাপন করেছে।