ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেছেন, দুই-একদিনের মধ্যেই ছাড়পত্র পেতে পারেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরপর তিনি বাড়ি যেতে পারবেন।
তিনি আরো বলেন, ‘গত সোমবার (৬ জানুয়ারি) আমরা সাত সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছি। তারা শারীরিক অবস্থার মধ্যে কোনো ট্রমা পাননি। উনি মানসিকভাবে যথেষ্ট ডিপ্রেসিভ ছিলেন। আমাদের মনোচিকিৎসক আছেন, উনি কিছু ম্যানেজমেন্ট দিয়েছেন। তাছাড়া ওই শিক্ষার্থী সোমবার থেকে স্বাভাবিকতার দিকে আগাচ্ছেন এবং তার মানসিক শক্তি ধীরে ধীরে বাড়ছে। আশা করছি, চিকিৎসক পরামর্শ দিলে আমরা দুই-একদিনের ভেতরে তাকে ছাড়পত্র দিতে পারবো। তার সর্বোপরি অবস্থা উন্নতির দিকে।’
প্রসঙ্গত, এর আগে রোববার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার পর ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বাসে বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। এ সময় তিনি কুর্মিটোলা বাসস্টেশনে নামেন। এরপর থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। হঠা মাঝপথে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ঘটনাটি ঘটে। রাত ১০টার দিকে ওই ছাত্রীর জ্ঞান ফেরে। পরে তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ তার অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সোমবার সকালে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। ঘটনাস্থল চিহ্নিত করে আলামত সংগহ করেছে পুলিশ।