ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারী কে,এম,এইচ কলেজের অধ্যক্ষের উদাসিনতার কারণে পরীক্ষার তিন মাস আগেই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের কলেজ থেকে ছেড়ে দেওয়াতে হয়েছে। এতে অবিভাবক মহলে চরম ক্ষোভ দানা বেঁধেছে। বর্তমান অধ্যক্ষের অদক্ষতার কারণে প্রশাসনিক ও শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। কলেজে নিময় নীতির বালাই নেই, অধিকাংশ শিক্ষকরা কলেজে থাকেন অনুপস্থিত। অনুপস্থিতের জন্য ছুটি নেয়ার প্রয়োজন বোধ করেন না। কলেজটিতে মাল্টিমিডিয়ার ক্লাস বন্ধ করে দেয়া হয়েছে। গত ৩০/০৫/১৯ তারিখে বর্তমান অধ্যক্ষ অনুতোষ কুমার কোটচাঁদপুর সরকারী কে,এম,এইচ কলেজে যোগদান করেন। সেই থেকে অনিয়ম ও দূর্ণীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কলেজটি। সব মিলিয়ে কলেজটি চলছে হ য ব র ল অবস্থায়।
অভিযোগ উঠেছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ১লা এপ্রিল। এখনো ৩ মাস বাকী অথচ কোটচাঁদপুর সরকারী কে,এম,এইচ কলেজের দ্বাদশ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। গত ২ জানুয়ারী কলেজ চত্বরে অধ্যক্ষ অনুতোষ কুমারকে প্রধান অতিথি করে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। যদিও কলেজের অধ্যক্ষ অনুতোষ কুমার কলেজ কতৃক বিদায় সংবর্ধনার বিষয়টি অস্বীকার করে বলেন- কলেজের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানটি নিজেরাই করেছে। তবে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনার জন্য অনুমতি দিয়েছেন বলে তিনি জানান। পরীক্ষা শুরুর এত আগে বিদায় সংবর্ধনার অনুমতি দেয়ার কারণ কি জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি। কলেজ কতৃপক্ষের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করে অধিকাংশ অবিভাবকেরা বলেন- পরীক্ষার ৩মাস আগে ছাত্র ছাত্রীদের কলেজ বন্ধ করে দেয়া ঠিক হয়নি তাদের শিক্ষাকদের কাছ থেকে এখনো অনেক শেখার আছে।
ওই কলেজের সাবেক অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ফারজে¦ল হোসেন ম-ল এ প্রতিবেদককে বলেন- শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের যাওয়া আসা থাকলে শিক্ষার্থীদের মনোবল বাড়ে ছাড়া কমে না। কিন্তু পরীক্ষার ৩মাস আগে কলেজ থেকে ছেড়ে দিলে এই দীর্ঘ সময়ে অনেক ছাত্র ছাত্রী পড়াশুনা থেকে অমনোযোগী হতে পারে।
নাম প্রকাশ না করার স্বার্থে বেশ কয়েকজন ছাত্র ছাত্রী জানায়- অধিকাংশ শিক্ষক কলেজে আসেন না। যে কারণে ক্লাস হয় কম।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস করানো জন্য বর্তমান সরকারের কঠোর নির্দেশনা থাকলেও কোটচাঁদপুর সরকারী কে,এম,এইচ কলেজের বর্তমান অধ্যক্ষ অনুতোষ কুমার মাল্টিমিডিয়া ক্লাস উঠিয়ে দিয়েছেন। ক্লাস গুলি থেকে প্রজেক্টর খুলে নেয়া হয়েছে। বর্তমানে ক্লাসের প্রজেক্টরের খাঁচা গুলি পড়ে আছে অসহায়ের মত।
এছাড়া কলেজের আর্থিক দূর্ণীতি তো রয়েছে লাগাম ছাড়া। অভিযোগ উঠেছে অধ্যক্ষ অনুতোষ কুমার তার আজ্ঞাবহ ৩ সদস্য ক্রয় কমিটির মাধ্যমে এ দূর্ণীতি গুলি জায়েজ করে নেন।
এছাড়া কোন শিক্ষক এ দূর্ণীতি সম্পর্কে কথা বললে তাকে এসিআর (বার্ষিক গোপনীয় রিপোর্ট) রিপোর্টে কম নম্বর দেওয়ার এবং বদলী সুপারিশের ভয় দেখানোর অভিযোগ রয়েছে। যে কারণে শিক্ষকরা অধ্যক্ষ অনুতোষ কুমারের অপকর্ম মেনে নিয়ে চলছেন বলে ওই কলেজের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদক কে জানান। শিক্ষকরা আরো বলেন- প্রতিটি বিষয়ে তদন্ত করলে অধ্যক্ষের অপকর্মের থলের বিড়াল বেরিয়ে আসবে।
কলেজের একাধিক সূত্র থেকে জানা গেছে- কলেজের শিক্ষকেরা কলেজে না আসলেও ছুটি নেয়ার প্রয়োজন বোধ করেন না। শিক্ষকদের ছুটির বইয়ের আলামত নেই ওই কলেজে। এমনকি বছরে ২০দিন ঐচ্ছিক ছুটি ভোগ করেন সরকারী চাকুরী জীবিরা তারও আলামত নেই কলেজটিতে।
এ ছাড়া জাতীয় প্রগামে তিনি কখনোই হাজির থাকেন না। তা ছাড়া কলেজে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকার প্রতি সন্মান প্রদর্শনের জন্য যে এ্যসেম্বলী হয় সে এ্যসেম্বলী পিয়ন দ্বারা পরিচালিত হয়। অধ্যক্ষ কোন দিনও এ্যসেম্বলীতে উপস্থিত হন নাই বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
এছাড়া কলেজের অত্যাধনিক কম্পিউটার ল্যাব বন্ধ রাখার কারণ কি প্রশ্ন করা হলে অধ্যক্ষ অনুতোষ কুমার এ প্রতিবেদককে বলেন- কম্পিউটার বেশ ক’টি নষ্ট হয়ে যাওয়ায় এবং চালু কম্পিউটার অফিসের কাজে প্রয়োজন হওয়ায় কম্পিউটার ল্যাবটি বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া এ্যসেম্বলীর জন্য দায়িত্ব দেয়া হয়েছে গেম টিচার রিজাউল করিমকে। তিনি অসুস্থ থাকায় আপাতত অফিসের পিয়ন দিয়ে এ্যসেম্বলী পরিচালনা করা হচ্ছে বলে তিনি স্বীকার করেন।