আধুনিক গানের তরুণ কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। অ্যালবামের গানের পাশাপাশি ২০০৮ সালে ‘বন্ধন’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন তিনি। এবার ৪০তম চলচ্চিত্রে গাইলেন এই শিল্পী। ‘হৃদয় জুড়ে একজনই’ শিরোনামে এ গানের রেকর্ডিং মগবাজারের ফোকাস স্টুডিও সম্পন্ন হয়েছে। গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন ফিলিপ গোমেজ। স্বাধীন ফয়সাল পরিচালিত ‘সানাই’ সিনেমার জন্য তৈরি করা হয়েছে গানটি। এ তথ্য জানান মোমিন বিশ্বাস। এই তরুণ সংগীতশিল্পী এ পর্যন্ত ৪০টি সিনেমায় ৬৯টি গানে কণ্ঠ দিয়েছেন। মোমিন বিশ্বাস বলেন, ‘চলচ্চিত্রে গান গাওয়া একজন শিল্পীর জন্য অনেক সম্মানের এবং গৌরবের। ব্যক্তিগতভাবে আমার ধ্যান-জ্ঞান ছিল চলচ্চিত্রে গান গাওয়া। আমি অনেক সৌভাগ্যবান দেশের অনেক দিকপাল গীতিকার এবং সুরকারদের সঙ্গে চলচ্চিত্রের গানে কাজ করার সৌভাগ্য হয়েছে। নতুন বছরটা সংগীতাঙ্গনের মানুষের অনুকূলে থাকুক, সবাই যে যার অবস্থান থেকে নতুন নতুন গান দিয়ে বাংলা গানকে আরো সমৃদ্ধ করুক। চলচ্চিত্রের গানে সোনালি দিন ফিরে আসুক এই কামনা করি।’ মূলত এন্ড্রু কিশোরের গান শুনে গানের প্রতি আগ্রহী হন মোমিন বিশ্বাস। এই শিল্পীর সহযোগিতায় রাজশাহীতে ওস্তাদ কাজী মন্টুর কাছে গান শেখা শুরু করেন তিনি। সেখানে প্রায় ১৪ বছর গানের তালিম নেন। পরবর্তীতে কিংবদন্তি সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর সান্নিধ্যে আসেন। মূলত আধুনিক গানের শিল্পী মোমিন বিশ্বাস।