বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেছেন, ‘ভারতে নাগরিক আইন সংকট নিয়ে উদ্বিগ্ন নয় বিজিবি। সীমান্তরক্ষী বাহিনী হিসেবে আমাদের রুটিন দায়িত্ব, অবৈধভাবে কেউ যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে তা নিশ্চিত করা। এনআরসি-ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস বা সিএএ-সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভারতের অভ্যন্তরীণ বিষয়।’
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে বিজিবি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। তবে ভারতে নাগরিক আইন নিয়ে সংকট তৈরির পর গত দুই মাসে অনুপ্রবেশের দায়ে ৪৪৫ জনকে আটক করেছে বিজিবি।
বিজিবি’র ডিজি বলেন, ‘গত এক বছরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে নারী-শিশুসহ ৯৭২ জনকে আটকসহ তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৫৩টি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি আটকদের সবার বাড়ি বাংলাদেশে। যারা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারতে পাড়ি দিয়েছেন বা পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন।’
তিনি আরও বলেন, ‘গত নভেম্বর ও ডিসেম্বরে ৪৪৫ জন অনুপ্রবেশ করেছে। বিশেষ করে ঝিনাইদহ, মহেশপুর এবং সাতক্ষীরা সীমান্ত দিয়ে এসেছে তারা। এরমধ্যে অনেকে বেঙ্গালুরুতে কাজ করতেন। নাগরিক আইন সংকটের পর তারা দেশে ফিরেছেন।’