টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছরের অক্টোবরে। দেড় বছর পর কুড়ি ওভারের দলে ডাক পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুজ এবারের বিশ্বমঞ্চে খেলার স্বপ্ন দেখতেই পারেন। ২০০৯, ২০১২ ও ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনাল খেলা এই অলরাউন্ডারকে রেখে ভারত সফরের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ৫ জানুয়ারি গুয়াহাটিতে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাছাই করা ১৬ জনের মধ্যে আছেন ম্যাথুজ। গত কয়েক বছর চোটের কারণে কয়েক বার মাঠের বাইরে চলে যেতে হয়েছিল ৩২ বছর বয়সী অলরাউন্ডারকে। অবশ্য সুস্থ হয়ে টেস্ট ও ওয়ানডে দলে নিয়মিত হলেও টি-টোয়েন্টি দলে থেকেছেন উপেক্ষিত। তাতে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলা কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছিল ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী ম্যাথুজের। শেষ পর্যন্ত ভারতের গুরুত্বপূর্ণ সফরে জায়গা পেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। এই সংস্করণে ম্যাথুজ সর্বশেষ ম্যাচ খেলেন ২০১৮ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওই ম্যাচের অধিনায়ক ছিলেন তিনি। ম্যাচটি শ্রীলঙ্কা জিতেছিল ৩ উইকেটে। এবার লাসিথ মালিঙ্গার নেতৃত্বে খেলতে হবে ম্যাথুজকে। সর্বশেষ টি-টোয়েন্টি শ্রীলঙ্কা খেলেছিল পাকিস্তানের মাটিতে, দ্বিতীয় সারির দল নিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ হারতে হয় তাদের। ফিল্ডিং অনুশীলনের সময় চোট পাওয়া নুয়ান প্রদীপের বদলে জায়গা পেয়েছেন কাসুথ রাজিথা। ভারতে সিরিজের বাকি দুটি ম্যাচ ইন্দোর ও পুনেতে ৭ ও ১০ জানুয়ারি।
শ্রীলঙ্কা দল: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, আভিস্কা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, কুশল পেরেরা, নিরোশান ডিকবেলা (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, ভানুকা রাজাপক্ষ, ওশাডা ফার্নান্ডো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, লাকশান সান্দাকান।