বিরলের ধর্মপুর ইউপি’র কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমের ভ্রাম্যমান আদালতে দন্ড হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাবের মোঃ সোয়াইব বৃহষ্পতিবার দন্ডাদেশ প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাবের মোঃ সোয়াইব জানান, সরকারি কর্তব্যে অবহেলা ও সরকারি পরিপত্র অমান্য করে সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যের বই বিতরণে অর্থ আদায়কালে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রধান শিক্ষক সেলিমকে ১৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন তিনি। জরিমানার অর্থ আদায় করে তাঁকে ছেড়ে দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
এলাকার অভিভাবকরা জানান, কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাধ্যতামূলক ৭ম শ্রেণির শিক্ষার্থী প্রতি ২০০ টাকা, ৮ম শ্রেণির ৩০০ টাকা ও ৯ম শ্রেণির ৩৫০ টাকা আদায় সাপেক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যের বই বিতরণ করেন। দাবীকৃত অর্থ প্রদান না করতে পারায় অনেক শিক্ষার্থী এখনও বিনামূল্যের বই হাতে পাননি। তাই বিষয়টি প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ড হওয়ায় অভিভাবকরা সন্তুষ্ট হয়েছেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক সেলিম এর মুঠোফোনে যোগাযোগ করেও তিনি ফোন রিসিভ না করায় এবং ক্ষদে বার্তার কোন প্রতিউত্তর না দেয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।