জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এর জন্য কেনা অত্যাধুনিক আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটর দীর্ঘদিন ফেলে রাখার ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় সদ্য অবসরে যাওয়া প্রতিষ্ঠানটির পরিচালক ড. মোয়াররফ হোসেনের অবসরকালীন পেনশন সুবিধা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে, এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অবহেলায় পড়ে আছে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের অত্যাধুনিক আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটরি’ শিরোনামে একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদনটি আইনজীবী মনোজ কুমার ভৌমিক ও এম এমদাদুল হক নজরে আনলে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত এ আদেশ দেন। এদিকে বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় প্রায় ১২ বছর আগে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য আটটি অত্যাধুনিক আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটর (এআরভি) মেশিন কেনা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘আইসিইউর জন্য প্রয়োজনীয় যন্ত্রগুলোর প্রত্যেকটি কেনা হয়েছে ৭০ লাখ টাকায়। আশ্চর্যজনকভাবে একবারের জন্যও সেগুলো ব্যবহার করা হয়নি। আইসিইউর ভেতরে’র এক কোনায় অযত্নে ফেলে রাখা হয়েছে যন্ত্রগুলো। ফলে হাসপাতালটির আইসিইউতে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের প্রয়োজনীয় কোনও ব্যবস্থা নেই। এদিকে তিন বছর আগে অক্সিজেন সরবরাহের জন্য হাসপাতালটিতে একটি কেন্দ্রীয় ব্যবস্থা চালু হলেও ভেন্টিলেটরগুলো এখনও বসানো হয়নি। মাদারবোর্ড চুরি হয়ে গেছে।’ ফলে যন্ত্রগুলো এখন পুরোপুরি অকেজো।