নির্ধারিত সময়ের এক মাস পরও নেত্রকোনার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয়নি। হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করতে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয়েছে। এবার জেলায় মোট ৭৬টি পিআইসি গঠন করা হয়। এর মধ্যে মাত্র একটি কাজের উদ্বোধন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নীতিমালা অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে পিআইসি গঠন ও ১৫ ডিসেম্বরের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করার কথা, কিন্তু তা হয়নি। এতে শঙ্কায় আছেন ওই অঞ্চলের কৃষকরা, যা খুবই স্বাভাবিক। হাওরে ফসল রক্ষার জন্য বাঁধের গুরুত্ব কতটুকু তা বিগত বন্যার সময় বোঝা গেছে।
প্রকাশিত সংবাদে জানা গেছে, নেত্রকোনার খালিয়াজুরি, মোহনগঞ্জ, মদন ও কলমাকান্দার উপজেলার আংশিক মূলত হাওর এলাকা। জেলায় ছোট বড় মোট ১৩৪টি হাওর রয়েছে। এর মধ্যে খালিয়াজুরিতে ৮৯টি হাওর। বোরো ফসলই এখানকার একমাত্র ফসল। এই ফসলের ওপরই নির্ভর করে কৃষকদের সারা বছরের সংসার খরচ, চিকিৎসা, আচার-অনুষ্ঠান ও সন্তানদের পড়ালেখা। হাওরঞ্চলে ৩১০ কিলোমিটার ডুবন্ত (অস্থায়ী) বাঁধ রয়েছে। এর মধ্যে খালিয়াজুরিতে মোট ১৮১ কিলোমিটার ডুবন্ত অস্থায়ী বাঁধ আছে। ওই বাঁধের ওপর খালিয়াজুরি ও মোহনগঞ্জের স্থানীয় কৃষকদের প্রায় ৫০ হেক্টর জমির রোরো ফসল নির্ভর করে। এই ফসল রক্ষা বাঁধগুলো মেরামতের জন্য এবার পাউবো প্রথম পর্যায়ে ৮ কোটি ৩০ লাখ টাকা অনুমোদন দেয়। গত ৩০ নভেম্বরের মধ্যে স্থানীয় কৃষকদের নিয়ে পিআইসি গঠন করে ১৫ ডিসেম্বরের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করার কথা। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় এক মাস পর ৭৬টি পিআইসি গঠন করা হয়। এর মধ্যে খালিয়াজুরিতে ৩৬টি ও মদনে ৩১টি পিআইসি রয়েছে। কিন্তু শুধু মাত্র খালিয়াজুরির চাকুয়া ইউনিয়নের পাতরা বাঁধে সংস্কার কাজ শুরু হয়েছে। বাকিগুলোর কাজ এখনো শুরু করা সম্ভব হয়নি।
খালিয়াজুরি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খালিয়াজুরিতে ৩৬টি পিআইসির মধ্যে গত ২৩ ডিসেম্বর একটির কাজ উদ্বোধন করা হয়েছে। বাকিগুলোতে দ্রুত কাজ শুরু করা হবে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে জানা গেছে, হাওরে এবার পানি ধীর গতিতে নামার কারণে বাঁধ নির্মাণের জরিপ এখনো শেষ হয়নি। তাই কাজ শুরু করতে একটু দেরি হচ্ছে। তবে কারণ যেটিই হোক, হাওরে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ ও সংস্কার এখনই শুরু করা না গেলে আগামী বর্ষা মৌসুমে বিপুল ক্ষতির আশঙ্কা রয়েছে। শীত মৌসুমে হাওর অঞ্চলে পানি কম থাকায় কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব। পানি বেড়ে যাওয়ার পর কাজ শুরু করলে এবং তখন বিভিন্ন অজুহাতে তা বন্ধ রাখলে হাওর অঞ্চলের মানুষের জন্য সেটি দুদর্শাই বয়ে আনবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে হাওর অঞ্চলে ফসল রক্ষা বাঁধের কাজে দীর্ঘসূত্রিতা বন্ধের আহ্বান জানাই।