তিন মোড়লসহ আরেকটি দেশকে নিয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সভাপতির (বিসিসিআই) সেই উদ্যোগকে বলা হচ্ছে চার জাতির ওয়ানডে সুপার সিরিজ। বার্ষিক এমন সিরিজ আয়োজনের পরিকল্পনার সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। তিনি মনে করছেন, ক্রিকেটে ‘অভিজাত’ দেশ আরও বেশি প্রয়োজন। ২০২৩ সাল থেকে আইসিসির নতুন চক্রে প্রতি বছরে যোগ হওয়ার কথা একটি ৫০ ওভারের বৈশ্বিক টুর্নামেন্ট। ক্রিকেটের তিন পরাশক্তি ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তাতে ছিল আপত্তি। তাই আইসিসির অনিচ্ছা সত্বেও ২০২১ সাল থেকে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। অবশ্য সবকিছু এখনও আলোচনার পর্যায়ে। প্রস্তাবিত টুর্নামেন্টটি পালাক্রমে হবে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। ইংল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে টেস্টে ১০৭ রানে জয়ের পর এই পরিকল্পনা নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল প্রোটিয়া অধিনায়কের সামনে। ডু প্লেসি অবশ্য সমালোচনাই করেছেন এই পরিকল্পনার, ‘এই তিন পরাশক্তিকে ঘিরে গত এক বছর ধরে যা হচ্ছে তা আপনারা দেখছেন। তাদের ঘিরে অনেক কিছুই হচ্ছে। এই তিন দেশের মাঝে অনেক বেশি ম্যাচ খেলা হচ্ছে।’ তাই তিনি মনে করছেন ক্রিকেটকে নিজেদের মধ্যে কুক্ষিগত না রেখে পরিকল্পনায় দল বাড়ানোর দিকে মনোযোগী হওয়া উচিত, ‘আমার মনে হয় আরও দল বাড়ালে এটা ভালো হবে। যাতে করে খেলাটির উন্নয়নে যতটা পারা যায় কাজ করা।’ টেস্ট ক্রিকেটের সূচিতে থাকা অসঙ্গতিও তুলে ধরেছেন ডু প্লেসি। বিশেষ করে নতুন টেস্ট খেলুড়ে দেশ যেমন আয়ারল্যান্ড, আফগানিস্তান খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না, ‘এখানে অনেক ছোট দেশ আছে যারা খুব বেশি টেস্ট খেলে না। তারা আসলেই খুব কম টেস্ট খেলছে।’