সামনেই দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই লক্ষ্যে ফিল্ডিংয়ে আরও উন্নতি চাই সংক্ষিপ্ত ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। তাই দুই বছরের চুক্তিতে সাদা বলের ক্রিকেটে ট্রেভর পেনিকে সহকারী কোচ নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই সময়ে ক্যারিবীয়দের ফিল্ডিং উন্নয়নে কাজ করবেন ৫১ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। নতুন কোচ হিসেবে তার অ্যাসাইনমেন্ট হবে ২ জানুয়ারি ঘরের মাঠে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজ। ট্রেভর পেনিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কারণ তার অভিজ্ঞতার সমৃদ্ধ ভা-ার। ভারত, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডসহ যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমনকি বিসিবির এইচপি দলেও কাজ করেছেন চুক্তি ভিত্তিতে। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স ও ডেকান চার্জার্সেও ছিলেন। ক্যারিবিয়ানেও আছে কোচিংয়ের অভিজ্ঞতা। এই সেপ্টেম্বর-অক্টোবরে শিরোপা জেতা বারবাডোজ ট্রাইডেন্টসের কোচিং স্টাফের সঙ্গী ছিলেন। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত কণ্ঠেই পেনি বলেছেন, ‘প্রতিভাবান সব ক্রিকেটার ও স্টাফদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি একই সঙ্গে রোমাঞ্চিত ও শিহরিত। যে দলটির নেতৃত্বে আছে কিয়েরন পোলার্ড ও ফিল সিমন্স।’ এই সময়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ পাবেন পেনি। তার লক্ষ্য দুটি টুর্নামেন্টে ক্যারিবীয়দের ফিল্ডিংয়ে উন্নয়ন, ‘সামনে আমাদের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। একটি অস্ট্রেলিয়ায় (২০২০) আরেকটি ভারতে ২০২১)। আমার লক্ষ্যই হলো সবার উন্নতিতে চেষ্টা করা। একই সঙ্গে যত ভালো করা যায়, যাতে দুটি বড় আইসিসি ইভেন্ট জিততে পারি।’