বাংলাদেশ ছাত্রলীগের নাম বিকৃত করায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক শিহাব শাহারিয়ার রিপনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম নাসির উদ্দিন, ছাত্রনেতা রাকিব ইয়াছির রাসেল, রবিউল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমান খান, ছাত্রনেতা ওমর ফারুক সোহাগ, পলাশ হোসেন, ফয়সাল আহমেদ, ফিরোজ হোসেন, নাহিদ হাসান, আবুল হোসেন, আমিনুর রহমান, আল-আমিনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আমাদের মত কর্মীদের কাছে একটি অনুভুতির নাম। এই সংগঠনের নাম বিকৃত করেছেন সাঈদ মেহেদী। তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেন। ওই সময়ে জামায়াত-শিবিরের সাথে লিয়াজো করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে তিনি একের পর এক আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে কটুক্তি ছড়াচ্ছেন। তার উপজেলা পরিষদ এখন জামায়াত-শিবিরের অভয়ারণ্য। সম্প্রতি তিনি কালিগঞ্জের চরযমুনা এলাকার ভুমিহীনদের উচ্ছেদ করে সরকারি জমি দখল করার মত নোংরা খেলায় লিপ্ত হয়েছিলেন। তবে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সেটি করতে তিনি ব্যর্থ হন। এমতাবস্থায় সাঈদ মেহেদীর বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।