৩০ডিসেম্বর ভোটার বিহীন নির্বাচনের এক বছর পূর্তিতে কালো দিবস পালনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভায় বাম গণতান্ত্রিক জোটের কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি ও টানা হ্যাচড়ার ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে দিনাজপুর শহরের মডার্ন মোড় এলাকায় ঘটেছে। এ সময় জোটের এক কর্মী অমৃত রায়কে আটক পরে মুচলেখা নিয়ে ছেড়ে দেয় হয়েছে।
সোমবার দুপুরে বাম গণতান্ত্রিক জোটের ব্যানারে একটি কালো পতাকা মিছিল দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়ক থেকে বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে যাওয়ার সময় শহরের লিলির মোড়ে পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় মিছিলটি পুলিশি বাধা অতিক্রম করে এগুতে থাকে। মিছিলটি আবার জেল গেটের সামনে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় মিছিল থেকে পুলিশ ব্যানার এবং কালো পতাকা ছিনিয়ে নেয়। এরপর জোটের নেতা-কর্মীরা মৌন মিছিল নিয়ে শহরের মর্ডান মোড়ের দিকে আসে। মর্ডান মোড়ে পুলিশী বাধার মধ্যে পড়ে। এ সময় নেতা-কর্মীদের সাথে পুলিশের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।
এসময় এখান থেকে জোট নেতা ও যুব ইউনিয়ন জেলা আহ্বায়ক অমৃত রায়কে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ জানায়।
বিক্ষোভ মিছিলে ছিলেন বাম জোটের সমন্বয়ক কমরেড আনোয়ার আলী সরকার, জোট নেতা এ্যাড.মেহেরুল ইসলাম, জোট নেতা কমরেড আলতাফ হোসাইন, জোট নেতা কমরেড বদিউজ্জামান বাদল,জোট নেতা আখতার আজিজ, জোট নেতা কমরেড এ.এস.এম মনিরুজ্জামান মনির, জোট নেতা কিবরিয়া হোসাইনসহ আরও অনেকে।
উল্লেখ্য, ৩০ডিসেম্বরকে ঘিরে ১৭ ডিসেম্বর থেকে জেলা উপজেলায় লিপলেট বিতরন ছাড়াও প্রচার মিছিল এবং পথসভার ধারাবাহিক কর্মসূচি ছিল বাম গনতান্ত্রিক জোটের।