নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং ঘরে ঘরে একজনের চাকরি নিশ্চিত করাকে ‘বড় চ্যালেঞ্জ’ বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে আওয়ামী লীগের নতুন কমিটি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দলকে সরকার থেকে আলাদা করার কাজ চলছে। আওয়ামী লীগ মনে করে, দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে।
বিএনপির নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নিয়ে অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, অভিযোগ করাই হলো বিএনপির কাজ। সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে, এটা জেনেও তারা অভিযোগ করছে।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে তিনি বলেন, ডিজিটাল যুগে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও অনেক বিতর্কের পরও নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে।
ওবায়দুল কাদের বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সফর আপাতত স্থগিত করা হয়েছে। তবে নবগঠিত কমিটি যৌথসভা ৩ জানুয়ারি বঙ্গবন্ধু এভিনিউ অনুষ্ঠিত হবে। ওই দিনই সিদ্ধান্ত হবে টুঙ্গিপাড়া সফর কবে হবে।