আগেই শেষ আট নিশ্চিত হয়েছে দুই দলের। শেষ ম্যাচে বসুন্ধরা কিংসকে হারিয়ে অপরাজিত থেকে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব শেষ করেছে চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ‘বি’ গ্রুপের ম্যাচে গতবারের রানার্সআপ বসুন্ধরাকে ২-০ গোলে হারায় চট্টগ্রামের দলটি। নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকেও একই ব্যবধানে হারিয়েছিল মারুফুল হকের দল। দলকে প্রথম গোল এনে দেন রাকিব হোসেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে হেডে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক চার্লস দিদিয়ের। বিরতির আগে ডিফেন্ডার আক্তাম নাজারভ লাল কার্ড দেখায় দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন কম নিয়েই খেলতে হয় বসুন্ধরাকে। দুই ম্যাচে দুই জয়ে আবাহনীর পয়েন্ট ৬। একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট গ্রুপ রানার্সআপ বসুন্ধরার। দুই ম্যাচেই হেরে আসর থেকে ছিটকে যাওয়া ব্রাদার্সের পয়েন্ট শূন্য।