আগামী বছর মার্চ মাসে মুজিব বর্ষ উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দু’টি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে, যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ার বিষয়ে সহমত পোষণ করেছে আইসিসি। কিন্তু এই এশিয়া একাদশে থাকবে না কোন পাকিস্তানের ক্রিকেটার! ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বরাত দিয়ে এ তথ্য জানায়। বিসিসিআইয়ের যুগ্মসচিব জয়েশ জর্জ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, মুজিব বর্ষের এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে আসন্ন টি-টোয়েন্টি খেলায় এশিয়া দলে একজনও পাকিস্তানের খেলোয়াড়কে দেখা যাবে না। তিনি বলেন, এশিয়া একাদশে পাকিস্তানের কোনও খেলোয়াড় থাকবে না। এই বার্তাটি স্পষ্ট। সুতরাং উভয় দেশ একত্র হয়ে খেলা অথবা ‘এই দেশের খেলোয়াড়ের বদলে ঐ দেশের খেলোয়াড় নেয়া’ এ ধরনের প্রশ্নই আসছে না। আর ভারত থেকে কোন পাঁচজন খেলবে তা সৌরভ গাঙ্গুলি সিদ্ধান্ত নেবেন।’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানির একটি টুইটকে কেন্দ্র করে আরও একবার দ্বন্দ্ব তৈরি হয়েছে ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ডে। মানি তার টুইট বার্তায় লেখেন, আমরা প্রমাণ করেছি যে পাকিস্তান নিরাপদ। তারপরও কেই যদি না আসে তাহলে তাদের প্রমাণ করতে হবে (আমরা) নিরাপদ নই। এই মুহূর্তে, পাকিস্তানের চেয়ে ভারত অনেক বেশি অনিরাপদ। উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিসহ সাত ভারতীয় ক্রিকেটারকে খেলানোর জন্য বিসিসিআই'র কাছে আবেদন করা হয়েছে। ধোনি, কোহলি ছাড়া বাকি পাঁচ ক্রিকেটার হচ্ছেন রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজা।