প্রকৌশলী মো. সাঈদ আহমেদ মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩২তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি পূর্বতন চেয়ারম্যান মো.খালেদ মাহমুদের স্থানে লাভিষিক্ত হলেন। এর আগে সদস্য (উৎপাদন) ছিলেন।
পিডিবির হিসেব মতে, ২০০৯ সালের ৬ জুন মাসে বিদ্যুতের পরিমাণ ছিল তিন হাজার ২৬৮ মেগাওয়াট। এরপর প্রতি বছরই দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। সর্বশেষ ২০১৮ সালের ১৯ মার্চ সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হলো ১০ হাজার ৮৪ মেগাওয়াট। অর্থাৎ ৯ বছরের ব্যবধানে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের পার্থক্য ছয় হাজার ৮১৬ মেগাওয়াট। এ দুই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের তুলনামূলক চিত্রই বলে দিচ্ছে বিদ্যুৎ খাতের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। একই সঙ্গে দেশজুড়ে কমে গেছে লোডশেডিংয়ের দুর্বিষহ যন্ত্রণা। যদিও মাঝে মধ্যে বিতরণ ত্রুটিতে ভুগছেন গ্রাহক। তবে বিদ্যুতের জন্য হাহাকার আর নেই। রাজধানীর সব এলাকায় যেখানে প্রতি ঘণ্টায় লোডশেডিং হতো, সেই অবস্থা এখন অনেক সহনীয় পর্যায়ে এসেছে। শিল্পের মারাত্মক সংকটও আর নেই। গত কয়েক বছর ধরে দেশে বিদ্যুৎ উৎপাদনের প্রবৃদ্ধি আশাব্যঞ্জক বলেই মত সংশ্লিষ্টদের।
বিশেষজ্ঞরা মনে করেন, বিদ্যুৎ খাতে উন্নয়নের আরো জায়গা রয়েছে। গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় লোড ম্যানেজমেন্ট করতে হয়। তবে এ বছরের যে প্রক্ষাপট তাতে বলা হচ্ছে, বিগত বছরের মতো বিদ্যুৎ আর ভোগাবে না। নিরবচ্ছিন্ন বিদ্যুতের সঙ্গে স্বল্প উৎপাদন ব্যয় যোগ করে টেকসই উন্নয়নের ওপর জোর দিয়েছেন মন্ত্রণালয়।
সরকার ২০২১ সাল পর্যন্ত নতুন বিদ্যুৎ উৎপাদনে আনার পরিকল্পনা করেছে। সে অনুযায়ী এ বছর জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে চার হাজার ৬৭৬ মেগাওয়াট বিদ্যুৎ। একইভাবে ২০১৯ সালে চার হাজার ৮৩৩, ২০২০ সালে চার হাজার ৭২ এবং ২০২১ সালে তিন হাজার ৪৭ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা। এ চার বছরে যুক্ত হওয়া বিদ্যুতের মধ্যে সরকারি খাত থেকে আসবে আট হাজার ২৯৩ মেগাওয়াট বিদ্যুৎ এবং বেসরকারি খাত থেকে সাত হাজার ৪৯৫ মেগাওয়াট।