কার্যাদেশ বহির্ভূতভাবে ভারতীয় কোম্পানির নি¤œমানের কাঁচামাল আমদানি করে দীর্ঘ দিনের বাজার হারিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড। নি¤œমানের কাঁচামাল দিয়ে উৎপাদিত ‘সোর্ড ব্লেড’ বাজার থেকে ফেরত আসছে প্রতিনিয়ত। এমনকি প্রায় ব্যবহার অনুপযোগী হওয়ায় সৌজন্য হিসেবে দেয়া ব্লেডও ফেরত আসছে। এ সুযোগে ভারতীয় কয়েকটি ব্লেড কোম্পানি একচেটিয়া বাংলাদেশের বাজার দখল করে নিয়েছে। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অভ্যন্তরীণ নিরীক্ষায়ও এ ব্যাপারে গুরুতর অনিয়ম ধরা পড়েছে বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে কারখানাটির উৎপাদন বিভাগের চাহিদাপত্রের আলোকে ২০ মেট্রিকটন স্টিপস ক্রয়ের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে অংশগ্রহণকারী তিনটি দরদাতা প্রতিষ্ঠানের মধ্যে ভারতীয় জিন্দাল স্টেইনলেস লিমিটেডের পক্ষে তাদের বাংলাদেশী এজেন্ট বিজনী কম লিমিটেডকে সর্বনি¤œ দরদাতা হিসেবে স্টিপস সরবরাহের কার্যাদেশ দেয়া হয়। ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কারখানার বাণিজ্য বিভাগীয় প্রধান প্রকৌশলী সহিদুল ইসলামের সাথে যোগসাজশ করে কার্যাদেশে বর্ণিত ০.১০ এমএম পুরুত্বের স্টিপসের পরিবর্তে ০.০৯ এমএম পুরুত্বের স্টিপস সরবরাহ করে। গত ২৭ জানুয়ারি ১০.৭৩৫ মেট্রিক টন (এমআরআর নং-৮৪৩৫) এবং গত ৩০ জুলাই ৯.২০৫ মেট্রিক টন (এমআরআর নং-৮৪৯২) স্টিপস দুই কিস্তিতে সরবরাহ করা হয়। সরবরাহকৃত স্টিপস টেন্ডারের সিডিউল ও কার্যাদেশে বর্ণিত পুরুত্বের না হওয়া সত্বেও কারখানার ভান্ডারে তা গ্রহণ করা হয়। সরবরাহকৃত এসব স্টিপস কোম্পানিটির নির্ধারিত স্পেসিফিকেশন ও কম্পোজিশন পরিপন্থী।
নি¤œমানের এই স্টিপস মেশিনের সাথে খাপ না খাওয়ায় এক দিকে যেমন অপচয় বেড়েছে অন্য দিকে ব্লেডের গুণগত মান খারাপ হয়ে কারখানাটির দীর্ঘ দিনের বাজার নষ্ট হয়েছে। আমদানিকৃত এই স্টিপস উৎপাদন উপযোগী না হওয়ায় কারখানাটির উৎপাদন প্রক্রিয়ায় প্রায় ৪০ ভাগই অপচয় ঘটেছে বলে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কম পুরুত্বের এই স্টিপস দিয়ে তৈরি ব্লেড বাজার থেকে ফেরত আসতে শুরু করলে কারখানার সাবেক ব্যবস্থাপনা পরিচালক একক সিদ্ধান্তে বাজার পুনরুদ্ধারের জন্য ব্লেডের মূল্য কমিয়ে দেন। কিন্তু এর পরও ব্লেডের বাজার পতন ঠেকাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে ব্লেডের বিক্রি বাড়ানোর নামে কারখানার সাবেক ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান (বর্তমানে প্রধান কার্যালয়ে ন্যস্ত) একক সিদ্ধান্তে উচ্চ মূল্যে ব্লেডের লোগো সংবলিত টিশার্ট ও মেলামাইন বাটি ক্রয় করেন। প্রতি পিস ৫০ টাকার প্রচলিত বাজার দরের টিশার্ট ক্রয় দেখানো হয়েছে ১০৭ টাকা দরে। এভাবে মার্কেটিং খাতে বিশাল অঙ্কের খরচ দেখানো হলেও ব্লেড বিক্রি বাড়েনি, বরং আগের চেয়ে বিক্রয় কমেছে।
এ ছাড়াও রাষ্ট্রায়ত্ত কারখানাটি পরিচালনার অন্যান্য ক্ষেত্রেও আরো ব্যাপক গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কারখানার ১ ও ২ নম্বর গ্র্যান্ডিং মেশিনের জন্য নি¤œমানের বিয়ারিং ক্রয় করায় একের পর এক গ্র্যান্ডিং হুইল ও প্রোফাইল গাইড ভেঙে কারখানার আর্থিক ক্ষতি হচ্ছে। এতে ব্লেডের উৎপাদন হ্রাস পাচ্ছে ও গুণগত মান আরো নষ্ট হচ্ছে।
এ দিকে পণ্যের মান ও উৎপাদন ক্ষমতা বাড়াতে কারখানা আধুনিকায়নের জন্য গৃহীত ডিপিপি প্রকল্প বাস্তবায়নেও অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জাপান অথবা জার্মান থেকে প্রয়োজনীয় মেশিনারি ক্রয়ের ক্ষেত্রে ডিপিপি প্রকল্পে নির্দেশিত দরপত্র আহ্বান না করে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে। ২৫ কোটি টাকা ব্যয়ে কারখানাটি আধুনিকায়নের এই প্রকল্পের পরিচালক নিযুক্ত করা হয়েছে আলোচিত নি¤œমানের স্টিপস ক্রয়ের সাথে জড়িত কর্মকর্তাকে।
কারখানায় গিয়ে দেখা গেছে, কার্যাদেশ দেয়ার প্রায় আড়াই মাস অতিবাহিত হলেও এখনো কারখানার আধুনিকায়ন প্রকল্পের দৃশ্যত কোনো অগ্রগতি নেই।
এ ব্যাপারে কারখানার বাণিজ্য বিভাগীয় প্রধান ও প্রকল্প পরিচালক প্রকৌশলী সহিদুল ইসলাম বলেন, চার মাসের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে গত ১৭ অক্টোবর কার্যাদেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে পুরনো মেশিনপত্র মেরামত ও নতুন মেশিনপত্র সরবরাহের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
কারখানার উৎপাদন বিভাগের মতামত ও কার্যাদেশ বহির্ভূতভাবে নি¤œমানের স্টিপস ক্রয়ে জড়িত বাণিজ্য বিভাগীয় প্রধান সহিদুল ইসলাম বলেন, যথাযথ প্রক্রিয়া ও বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেকই টেন্ডার সিডিউল ও কার্যাদেশ পরিবর্তন করে আলোচিত স্টিপস ক্রয় অনুমোদন করা হয়েছে। কম পুরুত্বের এই স্টিপসের কারণে পণ্যের মান খারাপ হয়নি বরং ভালো হয়েছে দাবি করে তিনি বলেন, পুরনো মেশিনের কারণে ব্লেডের মান খারাপ হয়েছে। নি¤œমানের স্টিপসের কারণে বাজার পতন হয়নি এমন দাবি করে তিনি বলেন, আগে ডিলারদের ৮ শতাংশ ইনসেনটিভ (প্রণোদনা) দিতেন। পরবর্তীতে তা কমিয়ে ৫ শতাংশ পুননির্ধারণ করায় বাজারে বিরূপ প্রভাব পড়ে। তবে তারা আগের অবস্থানে ফিরে গিয়ে বাজার পুনরুদ্ধারের চেষ্টা করছেন বলে দাবি করেন।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক এস এম নাইমুল হাসান কম পুরুত্বের স্টিপসের কারণে ব্লেডের গুণগত মান খারাপ হওয়ায় বাজারে কিছুটা প্রভাব পড়েছে স্বীকার করে বলেন, বাজারে প্রচলিত অন্যান্য ব্র্যান্ডের ব্লেড প্লাটিনাম কোটেড (এক ধরনের স্বচ্ছ আস্তরণ বিশিষ্ট)। অন্য দিকে আমাদের ব্লেড প্লাটিনাম কোটেড না হওয়ায় এর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন কমছে। অন্য দিকে ভারতীয় ও চীনা ব্লেড এক টাকায় আমাদের দেশে দেদার বিক্রি হচ্ছে। নি¤œমানের স্টিপস ছাড়াও এসব কারণেও আমাদের বাজার হারাতে হচ্ছে। তবে প্লাটিনাম কোটিংসমৃদ্ধ িেশন স্থাপনসহ কারখানার আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন হলে এই সমস্যা আর থাকবে না বলে তিনি জানান।
এব্যাপারে কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি শাহ আলম আক্ষেপ করে বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তারা অন্যত্র বদলি হয়ে যাবেন, কিন্তু আমাদের কী হবে। আমাদের কোথাও বদলি হওয়ার সুযোগ নেই। দুর্নীতিবাজ কর্মকর্তারা অন্য কোম্পানির কাছ থেকে সুবিধা নিয়ে কারখানা ধ্বংস করে আমাদেরকে পথে বসাবেন। তিনি জানান, কারখানায় এই কৃত্রিম দৈন্যতার ফলে মজুরি কমিশন ঘোষিত গত ও চলতি অর্থবছরের এরিয়া বিল আজো শ্রমিকদের পরিশোধ করা হয়নি। এমনকি তাদের বেতনভাতাও নিয়মিত পরিশোধ করা হচ্ছে না। একটানা গত দুই মাসের বেতন বকেয়া পড়েছে। বর্তমানে ঋণ করে ও লোকসান দিয়ে কারখানা পরিচালনা করায় তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। টানা দুই মাস ধরে বেতন ভাতা না পাওয়ায় শ্রমিক-কর্মচারীরা অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন।