ফেডারেশন কাপে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শুরুটা ভালো হয়নি। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সঙ্গে ড্র করেছে প্রতিযোগিতাটির ২০১৫ সালের চ্যাম্পিয়নরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ‘সি’ গ্রুপে দুই দলের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। এ নিয়ে টানা দুই ম্যাচ ড্র করল রহমতগঞ্জ। নিজেদের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছিল তারা। গোলশূন্য প্রথমার্ধের পর ৬১তম মিনিটে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করে রহমতগঞ্জকে এগিয়ে নেন। ৭৬তম মিনিটে সমতায় ফেরে শেখ জামাল; বক্সের বাইরে থেকে নিখুঁত শটে জাল খুঁজে নেন মনডে ওসাগি। বাকিটা সময় কোনো দলই জয়সূচক গোলের দেখা পায়নি। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে থাকার সঙ্গে কোয়ার্টার-ফাইনালে খেলার আশাও বাঁচিয়ে রাখল রহমতগঞ্জ। শেখ জামাল ও সাইফের পয়েন্ট ১ করে। গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী শুক্রবার মুখোমুখি হবে সাইফ ও শেখ জামাল। এ ম্যাচে যে কেউ জিতলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেরা আটে উঠবে রহমতগঞ্জ। ড্র হলেও সুযোগ থাকবে তাদের।