জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দল ছেড়ে যাচ্ছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার পল পগবা। এমন তথ্য নিশ্চিত করেছেন ইউনাইটেডের ম্যানেজার ওলে গানার সুলশার।
অনেক দিন ধরেই ২৬ বছর বয়সী পগবার সাথে রিয়াল মাদ্রিদের যোগাযোগের গুঞ্জন ছিল। আগস্টের পর থেকে গোঁড়ালির ইনজুরির কারণে ইউনাইটেডের হয়ে মাত্র দুটি ম্যাচ ম্যাচে খেলেছেন পগবা। সে কারণে তাকে নিয়ে আরো বেশী আলোচনা শুরু হয়। গণমাধ্যমে এমন তথ্যও প্রকাশিত হয়েছে ইউনাইটেডের জার্সি গায়ে হয়ত পগবাকে আর দেখা যাবেনা।
অসুস্থতার কারণে পগবার মাঠে নামা বিলম্ব হচ্ছে এমন তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে অবশ্য আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে গত সপ্তাহে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে তাকে নাচতে দেখে বিষয়টি নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। গ্রীষ্মের আগেই পগবার দলত্যাগ নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল। কিন্তু অন্তত জানুয়ারিতে তিনি যাচ্ছেনা বলে নিশ্চিত করে সুলশার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জানুয়ারিতে পল কোথাও যাচ্ছেনা। আমি তার আগ্রহের বিষয়টি বুঝতে পারছি। সে একজন অসাধারণ খেলোয়াড়। তাকে দলে পেয়ে আমরা খুশী।’
আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে গত ২৮টি ম্যাচের মধ্যে পগবা ২৬টি ম্যাচেই অনুপস্থিত ছিলেন। মধ্য মাঠে পগবার অনুপস্থিতি দারুনভাবে অনুভব করেছে ইউনাইটেড। সুলশার তার দায়িত্বের প্রথম থেকেই পগবাকে বেশ পছন্দ করতেন। যে কারণে এই মিডফিল্ডার দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও সুলশার কখনই তাকে নিয়ে কোন ধরনের নেতিবাচক মন্তব্য করেননি। বরং তাকে দলে রাখার জন্য সম্ভাব্য সবকিছুই করেছেন।
সম্প্রতি অবশ্য ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন পগবা। তরুন দলটির সাথে এখন নিজেকে ফিট হিসেবে মানিয়ে নেয়াই পগবার সামনে মূল চ্যালেঞ্জ। সুলশার বলেন, ‘সে যখন ফিরে এসেছে তখন তার কাছে ভাল খেলাই আমরা প্রত্যাশা করবো। বিশ্রামে যাবার আগে পগবা দারুন ফর্মে ছিল। যখন সে ফিট থাকে দলের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়। অবশ্যই পুরোপুরি ফিট হতে তাকে কিছু সময় দিতে হবে। আশা করছি বছরের শেষে সে মাঠে ফিরে আসবে। আমরা পগবার শতভাগ ফিটনেস চাই, তাকে নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চাইনা।’