রিয়াল মাদ্রিদের বিপক্ষে চলতি সপ্তাহে অনুষ্ঠিত এল ক্লাসিকোতে গ্যালারি থেকে মাঠের ভিতর বল ছুঁড়ে মারায় বার্সেলোনাকে ১৫০০ ইউরো জরিমানা করা হয়েছে। একই ঘটনায় ক্যাম্প ন্যুকে পরবর্তীতে দর্শক শুন্য করে ম্যাচ আয়োজনের হুমকি দিয়ে সতর্ক করা হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।
বুধবার মৌসুমের প্রথম এল ক্লাসিকো বার্সেলোনার ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হয়। কিন্তু ম্যাচটিকে ঘিরে আগে থেকেই রাজনৈতিক অস্থিরতায় কাতালান স্বাধীনতা বিরোধীরা স্টেডিয়ামের বাইরে ব্যপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর আগে অক্টোবরে ম্যাচটি অনুষ্ঠানের কথা থাকলেও একই কারণে তা স্থগিত করা হয়েছিল।
মাঠের বাইরের ঘটনা অবশ্য ম্যাচটিতে কোন প্রভাব ফেলেনি। নিরবিচ্ছিন্নভাবেই ম্যাচটি গোল শূন্য ড্রয়ের মাধ্যমে শেষ হয়। তবে গ্যালারি থেকে বল ছুঁড়ে মারার বিষয়টি ছিল দারুনভাবে নেতিবাচক। ম্যাচ শেষে ১০ জনকে আটক করে স্থানীয় পুলিশ। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে ৬০ জনেরও বেশী আহত হয়।
ম্যাচটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৩ হাজার পুলিশ ও ব্যক্তিগত নিরাপত্তা এজেন্টকে নিয়োগ দেয়া হয়েছিল।