প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন বর্তমান সরকারের আরো চার মন্ত্রী। তবে আগের কমিটির বিভিন্ন পদে থাকার পরও আংশিক ঘোষিত কমিটিতে নাম আসেনি মন্ত্রিসভার পাঁচ সদস্যের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতেও সভিপতিম-লীর সদস্য হিসেবে রয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার নতুন আংশিক কমিটিতে স্থান পাননি বিদায়ী কমিটির পাঁচ সদস্য। তারা হলেন- আইন বিষয়ক সম্পাদক ও বর্তমান গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ও সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এবং সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এর আগে শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চলাকালীন কাউন্সিল অধিবেশনে কাউন্সিলররা সভাপতিকে পুরো কমিটি গঠনের দায়িত¦ দেন। কাউন্সিল অধিবেশন শেষে ৮১ সদস্যের কমিটির কয়েকজনের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা। পরে সভাপতিম-লীর সঙ্গে পরামর্শ করে তিনি ২৮ জন কাযনির্বাহী সদস্যের নাম ঘোষণা করবেন।