মায়ের মতো আপন আর কেউ হয় না। একজন মায়ের কাছে সন্তানের আবদারই যেনো সবচেয়ে বড়। তেমনই হলো। ছেলের আবদার রাখতেই প্রথমবারের মতো নাটকে অভিনয় করলেন ছোট পর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের মা সহেলী আহমেদ শিখা। নাটকটির নাম ‘কাতান শাড়ী’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন সরদার রোকন। সম্প্রতি নাটকটির শুটিংও শেষ হয়েছে। মায়ের সঙ্গে অভিনয় প্রসঙ্গে জোভান বলেন, ‘আমার অভিনয় ক্যারিয়ারে আম্মুর অবদান অনেক। তিনি অভিনয় ভালোবাসেন বলে আমি মন দিয়ে অভিনয় করে যেতে পারছি। আম্মুরও ইচ্ছে ছিলো অভিনয় করার। সুযোগ পেয়ে আমার নাটকে আম্মুকে অভিনয় করার অনুরোধ করি। রাজি হন আম্মু। আম্মুর প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর এই দিনটির কথা সারাজীবন মনে থাকবে।’ এদিকে ছেলের সঙ্গে নাটকে অভিনয় করতে পেরে ভীষণ খুশি হয়েছে জোভানের মা সহেলী আহমেদ শিখা। ভবিষ্যতে আরও নাটকে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। নাটকটিতে জোভান ছাড়াও আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শিল্পী সরকার, শাহেদ খন্দকার, রাজু আহমেদ, ইমরান, সহেলী আহমেদ শিখা প্রমুখ। জানা যায়, আগামী ২৭ ডিসেম্বর রাত-৮টায় বিশেষ এই নাটকটি আরটিভিতে প্রচার করা হবে।