অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবার্গ থেকে ৭.২৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছেন জাপানের আন্তর্জাতিক ফুটবল তারকা তাকুমি মিনামিনো। প্রিমিয়ার লিগের ক্লাবটি তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে লিভারপুলের বিপক্ষে দুটি ম্যাচে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন। সে কারনেই তরুন এই ফরোয়ার্ডের সাথে সাড়ে চার বছরের চুক্তি করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। অক্টোবরে এনফিল্ডে ৪-৩ গোলের পরাজয়ের ম্যাচটিতে মিনামিনো গোল করেছিলেন। আর ঐ গোলের পরপরই লিভারপুলের নজড়ে আসেন এই জাপানীজ ফরোয়ার্ড। ক্লাবের ওয়েবসাইটে নতুন চুক্তি প্রসঙ্গে মিনামিনো বলেছেন, ‘এটা আমার কাছে একটি স্বপ্নের মত। লিভারপুলের খেলোয়াড় হবার স্বপ্ন সবসময়ই দেখেছি। আজ এই মুহূর্ত আসায় আমি দারুন খুশী। প্রিমিয়ার লিগে খেলাটা আমার অন্যতম মূল লক্ষ্য ছিল। আমি বিশ্বাস করি এটাই বিশ্বের শীর্ষ সারির লিগ। আমি জানতাম ফুটবলার হিসেবে ক্যারিয়ারকে যদি ভালভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তবে একদিন প্রিমিয়ার লিগে খেলার সুযোগ আসবেই। কিন্তু কখনো স্বপ্নেও ভাবিনি প্রথম সুযোগটাই আসবে এই ধরনের একটি ক্লাবের পক্ষ থেকে।’ লিভারপুল বস জার্গেন ক্লপ বলেছেন মিনামিনো একজন সাহসী খেলোয়াড়। একইসাথে বেশ দ্রুতগতির। বল ছাড়াও পুরো মাঠে সে নিজের দক্ষতার পরিচয় দিয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে মিনামিনো লিভারপুলের জন্য খেলার জন্য উন্মুক্ত হবে। ধারণা করা হচ্ছে ৫ জানুয়ারি এভারটনের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে তার রেডসের হয়ে অভিষেক হতে পারে। এর মাধ্যমে সালজবার্গের সাথে পাঁচ বছরের সম্পর্কের অবসান হলো। ২০১৫ সালের জানুয়ারিতে জে-লিগের ক্লাব সেরেজো ওসাকা থেকে তিনি সালজবার্গে যোগ দিয়েছিলেন। সালজবার্গের হয়ে এই পাঁচ বছরে মিনামিনো সর্বমোট ১৯৯টি ম্যাচে ৬৪ গোল করেছেন। জাপানের হয়ে ২২টি আন্তর্জাতিক ম্যাচে করেছেন ১১ গোল। ২০১৫ সালের অক্টোবরে মিনামিনোর জাতীয় দলে অভিষেক হয়েছিল।