মেক্সিকান ক্লাব মন্টেরিকে ২-১ গোলে পরাজিত ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুল। দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে ইনজুরি টাইমে রবার্তো ফিরমিনোর গোলে লিভারপুলের জয় নিশ্চিত হয়। শনিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমেঙ্গো। তবে সেমিফাইনালের অভিজ্ঞতায় জার্গেন ক্লপের দলের জন্য ফাইনালটা যে মোটেই সহজ হবে না তা অনুমেয়। ম্যাচের ৮৫ মিনিটে ডিভোক ওরিগির বদলী হিসেবে মাঠে নেমেছিলেন ফিরমিনো। ৯১ মিনিটে আরেক বদলী খেলোয়াড় ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের ক্রসে ফিরমিনো রেডসদের জয় নিশ্চিত করেন। এর আগে ১১ মিনিটে নেবি কেইটার গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। তবে এই লিড বেশীক্ষন স্থায়ী হয়নি। আর্জেন্টাইন স্ট্রাইকার রোজেলিও ফিউনস মোরির গোলে তিন মিনিটের মধ্যেই সমতা ফেরায় মন্টেরি। প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে দারুনভাবে এগিয়ে থাকা লিভারপুলের জন্য কাতারের এই ম্যাচটি ছিল দারুন স্বস্তির। প্রথমবারের মত এই প্রতিযোগিতার শিরোপা জয়ের মিশনেও তারা ভালভাবেই টিকে থাকলো। তবে ফাইনালে কোপা লিবারেটেডরস জয়ী ফ্লেমেঙ্গোর কঠিন প্রতিদ্বন্দ্বীতার অপেক্ষায় থাকতে হবে জার্গেন শিষ্যদের। পর্তুগীজ কোচ জর্জ জেসুসের অধীনে ফ্লেমেঙ্গো গত মাসে ব্রাজিলিয়ান শিরোপাও জয় করেছে। মঙ্গলবার সৌদি আরবের ক্লাব আল-হিলালকে সেমিফাইনালে ৩-১ গোলে পরাজিত করার পর ফাইনালের প্রস্তুতি হিসেবে তারা একদিন বেশী পেয়েছে। ১৯৮১ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে জিকোর নেতৃত্বাধীন ব্রাজিলিয়ান দল বব পেইসলির ইউরোপিয়ান কাপ বিজয়ী দলকে টোকিওতে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা জিতেছিল। ঐ ম্যাচের স্মৃতি ঘুড়েফিরে এবারের ফাইনালের আগে আলোচনায় উঠে এসেছে। এ প্রসঙ্গে ক্লপ বলেন, ‘সত্যিই ম্যাচটি বেশ কঠিন হবে। ফ্লেমেঙ্গোর মৌসুম শেষ হয়ে গেছে। যে কারণে তারা পূর্ণ শক্তির দল নিয়ে এখানে খেলতে এসেছে। কিন্তু আমরা এখনো লিগের গুরুত্বপূর্ণ সময় পার করছি। প্রতিটি দিনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরেও ফাইনালের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’ অসুস্থতার কারণে মন্টেরির বিপক্ষে বিশ্রামে ছিলেন ভার্জিল ফন ডাইক। ফাইনালের আগে এই ডাচ তারকা সেন্টার-ব্যাককে দলে ফিরে পেতে আশাবাদী ক্লপ। ফন ডাইকের অনুপস্থিতিতে রক্ষনভাগ সামলানোর দায়িত্ব পেয়েছিলেন অধিনায়ক জর্ডান হেন্ডারসন ও জো গোমেজ।