বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় চার্ল ল্যাঙ্গাভেল্ডট। নিজ দেশ দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হতে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ই-মেইলের মাধ্যমে নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছেন ল্যাঙ্গাভেল্ডট। এমনই খবর প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। তারা আরও জানিয়েছে, বিসিবি’র অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। আজ দেয়া এক বিবৃতিতে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘তাকে (ল্যাঙ্গেভেল্ড) ছেড়ে দিতে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অনুরোধ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সাথে আমাদের ক্রিকেটীয় সম্পর্ককে আমরা সম্মান করি। তিনি দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ক্রিকেটার ছিলেনÑ এটাও আমাদের বিবেচনায় রাখতে হয়েছে এবং নিজ দলের সঙ্গে তার কাজ করার কারণটিও বুঝতে পারছি। তাৎক্ষণিকভাবে বোর্ড তাকে ছেেেড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ দু’বছরের চুক্তিতে গত ২৭ জুলাই বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নেন ল্যাঙ্গাভেল্ড। কিন্তু পাঁচ মাসেরও কম সময় দলের দায়িত্ব পালন করেছেন তিনি। আকরাম খান বলেন, ‘ল্যাঙ্গাভেল্ড জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সাথে কাজ করার জন্য প্রস্তাব পেয়েছে। তাকে ছেড়ে দেয়ার জন্য বিসিবিকে তিনি অনুরোধ করেছে। আমরা তাকে ছেড়ে দেয়ার সিদ্বান্ত নিয়েছি।’ সম্প্রতি সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর সেদেশের ক্রিকেটে পরিবর্তনের হাওয়া বইছে। সেই সুবাদে, দক্ষিণ আফ্রিকার কোচিং সেট আপের সাথে ল্যাঙ্গাভেল্ডকে যুক্ত করতে চাইছে তারা। চলতি বছর ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশের পরিবর্তে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পান ল্যাঙ্গাভেল্ড। স্টিভ রোডসের পরিবর্তে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পান দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। আর ভারতের সুনীল যোশির জায়গায় বোলিং পরামর্শক হিসেবে যোগদান করেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। আগামী মাসে পাকিস্তান সফরে যাবার কথা রয়েছে বাংলাদেশের। ল্যাঙ্গাভেল্ড চলে গেলে এবং দলের পাকিস্তান সফর হলে অস্থায়ীভাবে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পাবেন বিসিবি’র একাডেমি কোচ শ্রীলংকার চাম্পাকা রামানায়েকে। অতীতেও বাংলাদেশের অস্থায়ী বোলিং কোচ হিসেবে কাজ করেছেন রামানায়েকে।
২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ল্যাঙ্গাভেল্ড।