বিজয়ের ৪৯ বছর পূর্তি উপলক্ষে ‘৩১ তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে নির্মিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের গল্প নির্ভর টেলিছবি ‘কাসেম ডাকাত’। যার মূল ভাবনায় খন্দকার লেনিন, এবং রচনা ও চিত্রনাট্যে আছেন সাদাত রাসেল। টেলিছবিটি নির্মাণ করেছেন রাসেল আজম। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সুষমা সরকার, খন্দকার লেনিন, মাহমুদুল ইসলাম মিঠু, সঞ্চিতা দত্ত, মুকুল সিরাজ, ফারগান মিল্টন, শিকদার মুকিত, দাঊদ নূরসহ অনেকে। ২০ ডিসেম্বর দুপুর তিনটায় চ্যানেল আইয়ে সম্প্রচার হবে টেলিছবিটি। তার আগে ৩১ তম বিসিএস অ্যাসোসিয়েশনস-এর পক্ষ থেকে আজ ১৮ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট মন্ডলে টেলিছবিটির ‘প্রিমিয়ার শো’ দেখানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।