বাগেরহাটের ভৈরব নদী থেকে ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্দার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার রাধাভল্বব গ্রামের মাঝিভিটা এলাকা সংলগ্ন ভৈরব নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় আবদুর ছত্তার বলেন, সকালে মাঝিভিটায় গরু বাঁধতে গিয়ে এক যুবকের মরদেহ দেখতে পাই। পরে এলাকাবাসী ও পুলিশকে জানাই।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, এলাবাসীর খবরের ভিত্তিতে রাধাভল্বব গ্রামের মাঝিভিটা এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছি। ওই যুবকের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর হবে বলে ধারণা করছি। তার শরীরে একটি লাল শার্ট ও শার্টের উপরে একটি ব্লু রংয়ের গোল গলার গেঞ্জি ছিল। পড়নে যার্সি কাপড়ের নেভি ব্লু রংয়ের হাপ প্যান্ট ছিল। আমরা মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তার পরিচয় জানার জন্য সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও বাগেরহাট মডেল থানা পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।